https://asia24.tv


আসিফ নজরুল। ছবি: -ফাইল ছবি
ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের অংশ না নেওয়ার পেছনে তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সিদ্ধান্তই প্রধান ভূমিকা রেখেছিল বলে তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে। ওই সিদ্ধান্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও (বিসিবি) সম্মতি ছিল বলে এতে উল্লেখ করা হয়।
জাতীয় ক্রীড়া পরিষদ গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি মঙ্গলবার এ প্রতিবেদন প্রকাশ করে। গত মার্চে গঠিত এই কমিটির নেতৃত্বে ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. এ. কে. এম ওলি উল্যা। কমিটির অন্য দুই সদস্য ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ফয়সাল দস্তগীর এবং জাতীয় দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশার।
প্রতিবেদনে বলা হয়, ভারতে নিরাপত্তাঝুঁকির অজুহাতে দল না পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হলেও এ বিষয়ে সরকারের সর্বোচ্চ পর্যায় কিংবা বিসিবির পরিচালনা পর্ষদের কোনো যৌথ বা আনুষ্ঠানিক সিদ্ধান্ত ছিল না।
তদন্তের তথ্য অনুযায়ী, তৎকালীন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এককভাবে নিরাপত্তাঝুঁকির কথা উল্লেখ করে সফর স্থগিতের প্রশাসনিক নির্দেশ দেন। তবে এ সিদ্ধান্ত নেওয়ার পূর্বে কোনো স্বাধীন বা নিরপেক্ষ নিরাপত্তা মূল্যায়ন করা হয়নি। পরবর্তীতে বিসিবি ওই সিদ্ধান্তের পক্ষে অবস্থান নিলে বাংলাদেশ শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায়।
কমিটির প্রতিবেদনে আরও জানানো হয়, তদন্তের স্বার্থে একাধিকবার ডাকা হলেও আসিফ নজরুল এবং বিসিবির তৎকালীন সভাপতি আমিনুল ইসলাম সাড়া দেননি।


