নিখোঁজ হওয়ার পরদিন তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উত্তরখান থানার ডিউটি অফিসার শাহীনুর জামান এ তথ্য জানান।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে তার মরদেহ নিয়ে উত্তরার বাসার উদ্দেশে রওনা হয়েছেন স্বজনরা।
পুলিশের সুরতহাল প্রতিবেদন অনুযায়ী, তাহসিফ সৌরির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে তার নাক দিয়ে রক্ত বের হওয়ার কথা উল্লেখ করা হয়েছে। মরদেহের পেট ফোলা ছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করেন সুরতহাল প্রস্তুতকারী কর্মকর্তা।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মুস্তাফিজুর রহমান মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। এ সময় নিহতের খালাতো ভাই জহির হাসান মরদেহটি শনাক্ত করেন।
তবে, তাহসিফ সৌরির মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।





মন্তব্য করুন