বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির মূল কারিগর বেগম খালেদা জিয়া। তিনি দেশের ভাগ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন এবং দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে বিএনপিকে একটি পূর্ণাঙ্গ দল হিসেবে গড়ে তোলার প্রধান কারিগর ছিলেন তিনিই।
শনিবার (১৫ আগস্ট ২০২৬) বেলা সাড়ে ১১টার দিকে প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল আরও বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় খালেদা জিয়ার ভূমিকা অপরিসীম। তিনি কখনো কোনো অপশক্তির কাছে নত হননি। তাঁর ত্যাগ, আপসহীনতা ও প্রেরণা দলকে সব সময় অনুপ্রাণিত করে।
অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলনের ফসল আজকের গণতন্ত্র পুনরুদ্ধার। তিনি আশা প্রকাশ করেন, বর্তমান রাষ্ট্র পরিচালনায় যুক্ত ব্যক্তিরা প্রধানমন্ত্রী তারেক রহমানকে সর্বাত্মক সহযোগিতা ও সুপরামর্শ দেবেন।
দোয়া মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলটির বিভিন্ন স্তরের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।





মন্তব্য করুন