সরকার গঠনের পর প্রথমবারের মতো চট্টগ্রাম ও কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট ২০২৬) সকালে রাজধানী ঢাকা থেকে বিশেষ হেলিকপ্টারযোগে তাঁর এই আঞ্চলিক সফর শুরু হচ্ছে।

সফরের শুরুতেই কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখানে দেশের অন্যতম প্রধান অর্থনৈতিক হাব মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ কেন্দ্র এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কর্মকাণ্ড সরেজমিনে পরিদর্শন করবেন তিনি। পরিদর্শনের পর সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহায়তার এক বিশেষ জনসভায় তিনি যোগ দেবেন।

দুপুরে চট্টগ্রাম জেলার ফটিকছড়িতে আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় গিয়ে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। পাশাপাশি মরহুম আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়াসত করার কথা রয়েছে তাঁর।

বিকেলে হাটহাজারীতে বন্যাদুর্গতদের পুনর্বাসনের সরকারি কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সফরের শেষভাগে সন্ধ্যায় চট্টগ্রাম শহরের রেডিসন ব্লু হোটেলে একটি সাংগঠনিক আলোচনায় অংশ নিয়ে চট্টগ্রামের সার্বিক উন্নয়ন ও অগ্রগতির দিকনির্দেশনা দেবেন। দিনভর ব্যস্ত কর্মসূচি শেষে রাতেই ঢাকা ফেরার কথা রয়েছে তাঁর।