ঢাকা
৩০ জুলাই ২০২৬
Advertise with us

৩ লাখ রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে সম্মত মিয়ানমার

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬   ১ বার পঠিত
৩ লাখ রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে সম্মত মিয়ানমার

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।  ছবি: -সংগৃহীত

বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ৩ লাখ এবং মালয়েশিয়ায় অবস্থানরত প্রাথমিক পর্যায়ের ৫ হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে সম্মত হয়েছে মিয়ানমার। দীর্ঘ দ্বিপক্ষীয় আলোচনার পর মিয়ানমার এই সম্মতির কথা জানালেও প্রত্যাবাসন শুরুর নির্দিষ্ট কোনো সময়সীমা এখনো প্রকাশ করা হয়নি। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন।

স্থানীয় সংবাদমাধ্যম ‘ফ্রি মালয়েশিয়া টুডে’র বরাতে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানায়, এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় আনোয়ার ইব্রাহিম এই সমঝোতাকে দীর্ঘদিনের রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং মালয়েশিয়ার জনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ প্রাথমিক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেন।

মালয়েশীয় প্রধানমন্ত্রী বলেন, অনেকেই দ্রুত রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোর দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু মিয়ানমার আগে তাঁদের গ্রহণ করতে রাজি না থাকায় বড় জটিলতা তৈরি হয়েছিল। এ কারণেই সমাধান পেতে মিয়ানমারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ও যোগাযোগ বজায় রাখা জরুরি ছিল। তিনি উল্লেখ করেন, সেই আলোচনার সুফল হিসেবেই মিয়ানমার এখন প্রথম ধাপে মালয়েশিয়া থেকে ৫ হাজার এবং বাংলাদেশ থেকে ৩ লাখের মতো রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে রাজি হয়েছে।

মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনী ও সশস্ত্র গোষ্ঠীগুলোর অমানুষিক নির্যাতন, দমনপীড়ন ও জাতিগত সহিংসতার শিকার হয়ে বিপুল সংখ্যক রোহিঙ্গা বাস্তুচ্যুত হন। বর্তমানে বাংলাদেশে প্রায় ১৩ লাখের বেশি রোহিঙ্গা অবস্থান করছেন। পাশাপাশি প্রাণ বাঁচাতে ও চরম নিপীড়ন থেকে রক্ষা পেতে জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রপথে বহু রোহিঙ্গা মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় পাড়ি জমান। দীর্ঘদিনের অনির্দিষ্ট রাষ্ট্রহীনতা ও বৈষম্য নিরসনে আসিয়ানভুক্ত প্রতিবেশী হিসেবে মালয়েশিয়া মিয়ানমারের সঙ্গে এই প্রত্যাবাসন আলোচনা চালিয়ে যাবে বলে প্রতিশ্রুতি দেন আনোয়ার ইব্রাহিম।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa