পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার পুরোপুরি বন্ধ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে পরিবেশ দূষণ রোধে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে আয়োজিত পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ সংক্রান্ত এক উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠকে প্রধানমন্ত্রী এই কড়া নির্দেশনা দেন। বৈঠক শেষে এক সংবাদ ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন তাঁর সহকারী প্রেস সচিব শাহরিয়ার পামির।

শাহরিয়ার পামির জানান, বৈঠকে পরিবেশবান্ধব ব্লক ইটের ব্যবহার বাড়ানো, বায়ু, পানি, মাটি ও শব্দদূষণ রোধ এবং কার্যকর বর্জ্য ব্যবস্থাপনাসহ দূষণ নিয়ন্ত্রণে সরকারের গৃহীত উদ্যোগগুলোর বাস্তবায়ন অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

তিনি বলেন, “পলিথিন ও প্লাস্টিকসামগ্রীর যথেচ্ছ ব্যবহার পরিবেশের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাই এর অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে ক্ষেত্রবিশেষে আরও কঠোর হওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।”

এই গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠকে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইমুম পারভেজসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।