https://asia24.tv


ছবি: -সংগৃহীত
অর্থবছরের সময়কালে বড় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিদ্যমান ১ জুলাই থেকে ৩০ জুনের পরিবর্তে ২০২৮-২৯ অর্থবছর থেকে নতুন সময়কাল হবে ১ এপ্রিল থেকে ৩১ মার্চ। এটি বাস্তবায়নে ২০২৭-২৮ অর্থবছরকে রূপান্তরকালীন (ট্রানজিশনাল) ধরে ৯ মাসেই (জুলাই-মার্চ) শেষ করা হবে।
সোমবার (১৭ আগস্ট ২০২৬) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ১৭তম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
অর্থবছর পরিবর্তনের পেছনের কারণ তুলে ধরে মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, জুলাই-আগস্টের বর্ষা মৌসুমে অবকাঠামোগত উন্নয়ন কাজ চালালে কাজের মান যেমন ক্ষতিগ্রস্ত হয়, তেমনি ব্যাপক জনদুর্ভোগ সৃষ্টি হয়। এপ্রিল-মার্চ সময়কাল নির্ধারণ করা হলে বর্ষার আগেই দেশের প্রধান উন্নয়ন কাজগুলো নিরবচ্ছিন্নভাবে সম্পন্ন করা সম্ভব হবে।
এছাড়া রবিবারের এই বৈঠকে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে র্যাব বিলুপ্ত করে পুলিশ বাহিনীর আওতায় বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। সিসামুক্ত বাংলাদেশ গড়তে ‘জাতীয় কৌশল ও বহু-বার্ষিক কর্মপরিকল্পনা (২০২৬-২০৩৫)’-এর খসড়াও অনুমোদিত হয়েছে। একই সাথে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ও সাধারণ মানুষের স্বস্তি ফেরাতে কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে সব ধরনের শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।


