https://asia24.tv


ছবি: -প্রতিনিধি
ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক কাইরন পোলার্ডকে ছাড়িয়ে টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহকের কীর্তি গড়েছেন ইংল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটার জস বাটলার।
ওল্ড ট্র্যাফোর্ডে ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টে ম্যানচেস্টার সুপার জায়ান্টসের হয়ে ওয়েলশ ফায়ারের বিপক্ষে খেলতে নেমে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। মাত্র ২০ বলে অপরাজিত ৫১ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে ১৫৬ রানের লক্ষ্য টপকে যেতে নেতৃত্ব দেন বাটলার। তার ইনিংসে ভর করে ৩১ বল হাতে রেখে ৯ উইকেটের বড় জয় পায় সুপার জায়ান্টস।
এই ইনিংসের পর বাটলারের টি-টোয়েন্টি ক্যারিয়ারে রান দাঁড়িয়েছে ৪৯১ ইনিংসে ১৪ হাজার ৮৩৩। এর আগে ১৪ হাজার ৮০৩ রান নিয়ে শীর্ষে ছিলেন কাইরন পোলার্ড। ১৪ হাজার ৫৬২ রান নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিস গেইল।
নিয়মিত অধিনায়ক এইডেন মার্করাম ব্যক্তিগত কারণে টুর্নামেন্ট ছেড়ে দক্ষিণ আফ্রিকায় ফিরে যাওয়ায় সুপার জায়ান্টসের অধিনায়ক হিসেবে এটিই ছিল বাটলারের প্রথম ম্যাচ। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজিটি জানায়, ব্যক্তিগত কারণেই মার্করাম দেশে ফিরেছেন। ফলে ‘দ্য হান্ড্রেড ২০২৬’-এর বাকি ম্যাচগুলোতে তাকে আর পাওয়া যাবে না। একই সঙ্গে দলের প্রতি তার অবদানের জন্য তাকে ধন্যবাদ ও শুভকামনা জানানো হয়েছে।
চলতি আসরে পাঁচ ম্যাচে ১১৭ রান করেছেন মার্করাম। সর্বশেষ এমআই লন্ডনের বিপক্ষে খেলেছিলেন ৫০ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস।
অন্যদিকে, দুর্দান্ত ফর্মে রয়েছেন বাটলার। চলতি মৌসুমে ছয় ম্যাচে ৯২.৩ গড়ে ২৭৭ রান করেছেন এই ইংলিশ তারকা। এদিকে, মার্করামের বদলি হিসেবে নিউজিল্যান্ডের অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েলকে দলে নেওয়ার ঘোষণা দিয়েছে ম্যানচেস্টার সুপার জায়ান্টস।


