যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সামরিক সংঘাত ও যুদ্ধের অবসান ঘটাতে স্পষ্ট করে তিনটি প্রধান শর্ত দিয়েছে ইরান। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান ও কাতারের কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ওয়াশিংটনের কাছে এই শর্তগুলো পৌঁছে দেওয়া হয়েছে। এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুনির্দিষ্ট উত্তরের দিকে তাকিয়ে রয়েছে তেহরান।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম আলজাজিরাকে এ তথ্য জানিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি মোহসেন রেজাই।
তিনি বলেছেন, তাদের শর্ত হলো সব ফ্রন্টে (লেবানন, ইরান এবং ফিলিস্তিন) যুদ্ধ বন্ধ করতে হবে, ইরানের জব্দকৃত অর্থ ছাড় দিতে হবে এবং নৌ-অবরোধ তুলে নিতে হবে।
আর তাদের শর্ত কাতার যুক্তরাষ্ট্রের কাছে পাঠিয়েছে বলে জানিয়েছেন মোহসেন রেজাই।
এখন ট্রাম্পের উত্তরের জন্য অপেক্ষা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, “আমরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের জবাবের জন্য অপেক্ষা করছি।”
ইরানের দেওয়া শর্ত মানা যুক্তরাষ্ট্রের দায়িত্ব উল্লেখ করে তিনি আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ইরান সম্পর্কে ভুল হিসাব-নিকাশ করেছেন এবং তার হুমকি কোনো কিছুই পরিবর্তন করবে না।
ইরানের প্রভাবশালী এ রাজনীতিবিদ আরও বলেছেন, তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নির্ণায়ক যুদ্ধের জন্য প্রস্তুত ছিলেন এবং যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর দুর্বলতা সম্পর্কে জানতেন। এ কারণে মার্কিন বাহিনী ইরানের বিরুদ্ধে সফল হতে পারেনি।
তিনি বলেন, “আমরা তাদের বিরুদ্ধে লড়াই করতে আগের চেয়ে আরও বেশি প্রস্তুত।”
সূত্র: আলজাজিরা




মন্তব্য করুন