https://asia24.tv


প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: -ফাইল ছবি
ঐতিহাসিক রাজধানী ঢাকার ৪১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ‘ঢাকা দিবস’ উপলক্ষ্যে আয়োজিত ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৯ আগস্ট বিকেল ৪টায় পুরান ঢাকার ঐতিহাসিক লালবাগ কেল্লা প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।
বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) নগর ভবনে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এই বর্ণাঢ্য কর্মসূচি ঘোষণা করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন যে, প্রধানমন্ত্রী উৎসবের মূল আয়োজনে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।
লালবাগ কেল্লার ঐতিহাসিক চত্বরে আয়োজিত এই উৎসবে শিশুদের ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশনা, উদীয়মান তরুণ বিজ্ঞানীদের উদ্ভাবন ও বিজ্ঞান প্রদর্শনী, ঢাকাকেন্দ্রিক বিরল বইয়ের মেলা এবং পুরান ঢাকার ঐতিহ্যবাহী ও মুখরোচক খাবারের বিভিন্ন স্টল থাকবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী স্মৃতিস্বরূপ একটি বৃক্ষরোপণ করবেন এবং লালবাগ কেল্লার ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন করবেন। ঐতিহ্যবাহী সজ্জিত পতাকা, ফেস্টুন, রঙিন বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এই উৎসবের আমেজ ছড়িয়ে দেওয়া হবে।
ঢাকার বর্ণিল ইতিহাস, সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বমঞ্চে নতুন করে তুলে ধরতে দক্ষিণ সিটি করপোরেশন মাসব্যাপী সুবিশাল এক বর্ণাঢ্য কর্মসূচির পরিকল্পনা গ্রহণ করেছে। ১৪ আগস্ট ‘ঢাকা ঐতিহ্য সাইকেল র্যালি’ এবং ১৫ আগস্ট ‘ঢাকা ঐতিহ্য দৌড়’-এর মাধ্যমে এর সুচনা ঘটছে। ১৬ থেকে ২২ আগস্ট পর্যন্ত নগরজুড়ে চলবে জমকালো নাট্য উৎসব। মাঝপথে ২১ আগস্ট বুড়িগঙ্গায় অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী নৌকাবাইচ ও রূপসী নৌভ্রমণ।
অন্যান্য আকর্ষণীয় কর্মসূচির মধ্যে রয়েছে ২২ আগস্ট ধ্রুপদী পুরোনো চলচ্চিত্র প্রদর্শনী। ২১ থেকে ৩০ আগস্ট পর্যন্ত নগরবাসীর কেনাকাটার সুবিধার্থে ‘দ্য গ্রেট ঢাকা সেল’ এবং মনের অনুভূতি প্রকাশের বিশেষ আয়োজন ‘লাভ লেটার টু ঢাকা’ অনুষ্ঠিত হবে। এছাড়া ২৩ থেকে ২৯ আগস্ট পর্যন্ত বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) পুরান ঢাকাকে কেন্দ্র করে তৈরি পুরোনো জনপ্রিয় সব অনুষ্ঠান পুনঃপ্রচার করা হবে।
২৪ আগস্ট নগরবাসীকে নিয়ে ‘পাখির চোখে হৃদয়ে ঢাকা’ শীর্ষক রোমাঞ্চকর হেলিকপ্টার ভ্রমণের ব্যবস্থা রাখা হয়েছে। ২৮ আগস্ট অনুষ্ঠিত হবে বর্ণিল ঐতিহ্যবাহী শোভাযাত্রা এবং ৩০ আগস্ট লালবাগ কেল্লায় আকাশজুড়ে ঘুড়ি উৎসব, গুণীজনদের ‘ঢাকা আড্ডা’ ও সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজিত হবে। পরবর্তীতে ১ সেপ্টেম্বর তরুণ শিল্পীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এবং ৫ সেপ্টেম্বর ঐতিহাসিক আলমগঞ্জ জেটিতে প্রথাগত ‘পঞ্চায়েতি আড্ডা’ আয়োজনের মধ্য দিয়ে মাসব্যাপী এই প্রাণের উৎসবের সমাপ্তি ঘটবে।
ঢাকার ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে ডিএসসিসি প্রশাসক বলেন, ১৬১০ সালে সুবাহ বাংলার রাজধানী হিসেবে ঢাকার যাত্রা শুরু হয় এবং ১৮৬৪ সালের ১ আগস্ট ঢাকা পৌরসভা প্রতিষ্ঠার মধ্য দিয়ে সূচনা হয় আধুনিক পৌর প্রশাসনের। তাই ১ আগস্টকে ‘ঢাকা দিবস’ হিসেবে উদ্যাপন করা হচ্ছে। ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ এবং ৯০ ও ২৪-এর গণ-অভ্যুত্থানের ঐতিহাসিক সাক্ষী এই ঢাকাকে একটি পরিবেশবান্ধব, পরিচ্ছন্ন ও আধুনিক তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তোলার জন্য নগরবাসীর আন্তরিক সহযোগিতা ও সচেতনতা কামনা করেন তিনি।


