রাজধানীতে দুষ্কৃতকারীদের ছোঁড়া ককটেল বিস্ফোরণে এক রিকশাচালক আহত হয়েছেন। আকস্মিক এই হামলায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।  জানা যাায়  যাত্রাবাড়ী থানাধীন চৌরাস্তা পুলিশ বক্সের সামনে ককটেল বিস্ফোরণ ঘটে। এতে ইবাদুর রহমান (২৬) নামের এক রিকশাচালক আহত হয়েছেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

তাকে হাসপাতালে নিয়ে আসা যাত্রাবাড়ী থানার কনস্টেবল মো. তুহিন জানান, রাত ৮টার দিকে যাত্রাবাড়ী চৌরাস্তা পুলিশ বক্সের সামনে ককটেল বিস্ফোরণ হয়। এতে অটোরিকশাচালক ইবাদুর রহমান নামের এক যুবক আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে আনা হয়।

তিনি আরও জানান, ইবাদুর রহমানের কোমরে ককটেলের স্প্লিন্টারের আঘাত লাগে। এতে তিনি গুরুতর আহত হন।

ইবাদুরের গ্রামের বাড়ি কুড়িগ্রামের উলিপুর থানার সাদুল্লা গ্রামে। তার বাবার নাম লুৎফর রহমান। তিনি রাজধানীর মুগদার মান্ডা এলাকায় থাকেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকার পুলিশ বক্সের সামনে থেকে ককটেল বিস্ফোরণে আহত হয়ে অটোরিকশাচালক ঢামেকে এসেছেন। তার কোমরে ককটেলের স্প্লিন্টার লেগেছে। তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।