দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও বেগবান করতে জিএসপি বা শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা যথাযথভাবে কাজে লাগানোর ওপর বিশেষ জোর দিয়েছে বাংলাদেশ ও কিরগিজস্তান। দুই দেশের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে সম্প্রতি নীতিনির্ধারক পর্যায়ে এই বিষয়ে আলোচনা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কিরগিজস্তানের অর্থনীতি ও বাণিজ্যবিষয়ক উপমন্ত্রী মেদের তুমানোভের সঙ্গে বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, তৈরি পোশাক ও ওষুধশিল্পে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি দ্বৈত কর পরিহার, বিনিয়োগ সুরক্ষা চুক্তি এবং যৌথ অর্থনৈতিক কমিশন গঠনের বিষয়েও আলোচনা করেন তারা।
দেশটির শ্রম, সামাজিক নিরাপত্তা ও অভিবাসনবিষয়ক প্রথম উপমন্ত্রী আরলেন আলিয়াসোভের সঙ্গে বৈঠকে বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি এবং সরকার থেকে সরকার (জিটুজি) পর্যায়ে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। কিরগিজস্তানে নির্মাণ, বস্ত্র, ওষুধশিল্প, কৃষি ও ডিজিটাল সেবায় কর্মীর চাহিদা রয়েছে।
বিজ্ঞান, উচ্চশিক্ষা ও উদ্ভাবনবিষয়ক মন্ত্রী গুলজাত ইসামাতোভার সঙ্গে বৈঠকে শিক্ষার্থী বিনিময়, বৃত্তি, যৌথ গবেষণা ও ভিসা সহজীকরণ নিয়ে আলোচনা করেন বাংলাদেশের পররাষ্ট্রসচিব রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম। এসময় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন গুলজাত ইসামাতোভার।
এ ছাড়াও, কিরগিজস্তানের রাজধানী বিশকেকে দ্বিতীয় পররাষ্ট্র দপ্তর পর্যায়ের পরামর্শক সভার (এফওসি) ফাঁকে দেশটির তিন মন্ত্রীর সঙ্গে পৃথক বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্রসচিব রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম।





মন্তব্য করুন