সৌদি আরবের নেতৃত্বাধীন প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অংশগ্রহণ ইরানকে লক্ষ্য করে নয়; বরং সৌদি আরবের সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার এবং হুতিদের হুমকি মোকাবিলার অংশ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই ব্যাখ্যা দেন।
হুমায়ুন কবির বলেন, ‘সৌদি জোটে আমরা যুক্ত হয়েছি হুতিদের সংঘাত নিরসনে সহায়তার জন্য। পাশাপাশি ইরানের সঙ্গেও আমাদের স্বাভাবিক যোগাযোগ রয়েছে। তাই এটিকে ইরানকে বাদ দেওয়া বা আঘাত করার পদক্ষেপ হিসেবে দেখার সুযোগ নেই।’ তিনি স্পষ্ট করেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেবল হজ বা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সীমাবদ্ধ নয়, বরং এটি একটি শক্তিশালী কৌশলগত সম্পর্ক। ইসলামের পবিত্র দুই মসজিদের রক্ষক হিসেবে সৌদি আরবের নিরাপত্তায় আত্মিক ও নৈতিক তাগিদ থেকে বিশ্বের অন্যতম বৃহৎ মুসলিম দেশ হিসেবে বাংলাদেশ সহযোগিতা করবে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেনশিয়াল বিশেষ দূত সার্জিও গরের সাম্প্রতিক ঢাকা সফর প্রসঙ্গে তিনি জানান, পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের মার্কিন দূতের বৈঠক অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ছিল। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি ও ভূরাজনীতিসহ বহুমাত্রিক ইস্যুতে আলোচনা হয়েছে। সফর শেষে সার্জিও গর প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি যুক্তরাষ্ট্রের ‘সর্বোচ্চ সম্মান’ প্রদর্শনের কথা স্মরণ করিয়ে দেন, যা দুদেশের গভীর আস্থার প্রতীক।
চীনা বিনিয়োগ নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো আপত্তি রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বৈঠকে এ বিষয়ে কোনো কথা হয়নি। বাংলাদেশ কোনো একক রাষ্ট্রের ওপর নির্ভর না করে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির ভিত্তিতে সব দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক রেখে বিনিয়োগ আকৃষ্ট করতে চায়।




মন্তব্য করুন