যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের চাঞ্চল্যকর ঘটনায় দুই বাংলাদেশি নাগরিককে খুঁজছে মেট্রোপলিটন পুলিশ। তাদের অবস্থান শনাক্ত করতে সাধারণ মানুষের সহায়তা চাওয়া হয়েছে।

সম্প্রতি যুক্তরাজ্য পুলিশ অভিযুক্ত দুই ব্যক্তির ছবি প্রকাশ করেছেন এবং জনসাধারণকে তথ্য দিয়ে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছে। তবে ধারণা করা হচ্ছে, জনসমক্ষে আবেদন জানানোর দিনই উভয় ব্যক্তি পালিয়ে গেছেন। পুলিশের ধারণা, শওকত আহমেদ এখনো যুক্তরাজ্যে অবস্থান করছেন। অন্যদিকে জাহিদুল হাসান বাংলাদেশে চলে গিয়ে থাকতে পারেন।

ভুক্তভোগী অভিযোগ করে বলেন, হোয়াইটচ্যাপেল রোডে দুজন লোক তাকে উইভার্স ফিল্ডসে নিয়ে যায় এবং সেখানে তাকে ধর্ষণ করা হয়। পরে স্থানীয় এক ব্যক্তি তাকে উদ্ধার করেন।

ক্রাইম স্টপার্সের লন্ডন অঞ্চলের ব্যবস্থাপক আলেক্সা লুকাস বলেন, ওই কিশোরী ভয়াবহ ও মানসিকভাবে বিপর্যয়কর হামলার শিকার হয়েছে। তদন্তে দুই ব্যক্তিকে শনাক্ত করা অগ্রগতির বিষয় হলেও তাদের অবস্থান খুঁজে বের করা এখন গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, কারও কাছে সামান্য তথ্য থাকলেও তা তদন্তে সহায়ক হতে পারে। ক্রাইমস্টপার্সের কাছে পরিচয় গোপন রেখে তথ্য দেওয়া যাবে।

উল্লেখ্য, ঘটনাটি ২০২৪ সালের ১ আগস্ট হোয়াইটচ্যাপেল রোডে উইভার্স ফিল্ডসে ঘটে। এ ঘটনায় দুই বাংলাদেশির ছবি ও পরিচয় প্রকাশ করেছে লন্ডন পুলিশ। দুই ব্যক্তির পরিচয় প্রদানকারী ব্যক্তিকে ক্রাইমস্টপার্স নামক দাতব্য সংস্থার মাধ্যমে ১০,০০০ পাউন্ড পুরস্কার ঘোষণা করা হয়েছে।