https://asia24.tv


মন্ত্রীসভা। ছবি: -সংগৃহীত
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে পুলিশ বাহিনীর আওতায় ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ নামে একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার (১৭ আগস্ট ২০২৬) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার ১৭তম বৈঠকে এ সংক্রান্ত খসড়ার লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নতুন এই আইনের আওতায় বিদ্যমান র্যাব বিলুপ্ত হবে এবং পুলিশ বাহিনীর অধীনে এসআরবি কাজ করবে। একই সাথে র্যাবের সমস্ত জনবল, আদেশ, ক্ষমতা, সুবিধা, তহবিল, সম্পত্তি, হিসাব ও রেকর্ডপত্র নবগঠিত এসআরবি-র কাছে হস্তান্তরিত হবে। এছাড়া নাগরিকদের অভিযোগ গ্রহণ এবং ইউনিটের সদস্যদের অভ্যন্তরীণ সংক্ষোভ নিষ্পত্তির জন্য একটি বহুপক্ষীয় ‘অভিযোগ প্রতিকার কমিটি’ গঠনের বিশেষ বিধান রাখা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এসআরবি-র জন্য নতুন বিধিমালা তৈরি না হওয়া পর্যন্ত বিদ্যমান র্যাবের প্রয়োজনীয় বিভাগীয় বিধিমালা বহাল থাকবে। দীর্ঘদিন ধরে র্যাব পুনর্গঠন বা বিলুপ্তির যে দাবি উঠে আসছিল, এই নতুন আইন পাসের মধ্য দিয়ে তা বাস্তবায়নের পথে একধাপ এগোল।


