https://asia24.tv


বিএনপি। ছবি: -ফাইল ছবি
রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী নির্বাচন, সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক বিষয়াবলি পর্যালোচনা করতে আজ শনিবার সন্ধ্যায় বৈঠকে বসছে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। দায়িত্বশীল সূত্রে জানা গেছে, চলতি আগস্ট মাসেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য রয়েছে দলের শীর্ষ নেতৃত্বের। সে লক্ষ্যে এই বৈঠকে সম্ভাব্য প্রার্থীর নাম নিয়ে প্রাথমিক আলোচনা হবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের ভার দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ছেড়ে দেওয়া হতে পারে।
এর আগে গত ২৬ জুলাই এক অনুষ্ঠানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সংবিধান ও দলীয় নীতি অনুসরণ করেই স্থায়ী কমিটির বৈঠকে প্রার্থী চূড়ান্ত করা হবে। সম্ভাব্য প্রার্থী হিসেবে দলের অভ্যন্তরে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও পরিচ্ছন্ন ভাবমূর্তির কারণে তিনি এগিয়ে আছেন বলে মনে করছেন অনেকে। এ ছাড়া স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান ও নজরুল ইসলাম খানের নামও গুঞ্জনে রয়েছে।
গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। নিয়ম অনুযায়ী শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। বিএনপির ঘোষিত ৩১ দফায় সংসদের দুই কক্ষের যৌথ ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তাব থাকলেও বর্তমানে বিদ্যমান সাংবিধানিক কাঠামো অনুযায়ীই জাতীয় সংসদে নির্বাচন অনুষ্ঠিত হবে। ফলে সংসদে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বিএনপির মনোনীত প্রার্থীই পরবর্তী রাষ্ট্রপতি হওয়ার কথা।
রাষ্ট্রপতি মনোনয়ন ছাড়াও বৈঠকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিশেষ করে সম্প্রতি বিভিন্ন স্থানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংঘাতময় ঘটনা এবং বিরোধী দলগুলোর তৎপরতা মোকাবিলায় দলের সাংগঠনিক প্রস্তুতি জোরদার করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে।


