ভারতে অবস্থানরত শেখ হাসিনা চলতি বছরের ডিসেম্বরে দেশে ফিরবেন বলে শুনেছেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দেশে ফিরে গণহত্যার দায় স্বীকার করে তাঁর আইনি ব্যবস্থার মুখোমুখি হওয়া উচিত।

শুক্রবার (৭ আগস্ট ২০২৬) ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ‘আগামীর শৈলকুপা’ শীর্ষক মতবিনিময় সভা ও প্রয়াত শিল্পী মুস্তাফা মনোয়ারের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এ মন্তব্য করেন।

আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, “শেখ হাসিনার বিরুদ্ধে গুম, খুন ও জুলাই গণ-অভ্যুত্থানে গণহত্যার মতো ভয়াবহ অভিযোগ রয়েছে। সত্যের মুখোমুখি হতে হলে তাঁকে অবশ্যই দেশে ফিরতে হবে। তিনি ফিরে আসুন বা কনফারেন্সে আসুন, বিচার বিভাগের কাছে তিনি একজন ফেরারি ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। আইন তাঁর নিজস্ব গতিতেই চলবে।”

সম্প্রতি ছড়িয়ে পড়া শেখ হাসিনার একটি অডিও প্রসঙ্গে মন্ত্রী বলেন, ভিডিও নয়, বরং একটি রেকর্ড করা অডিও বক্তব্য প্রচার করা হয়েছে—যা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি কি না, তা নিয়েও যথেষ্ট জনমনে প্রশ্ন রয়েছে। এত অপরাধের পর উনি বা তাঁর দল দেশের মানুষের কাছে কোনো অনুশোচনা বা ক্ষমা চেয়েছেন কি না, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেন মন্ত্রী।

বিচার বিভাগ পুনর্গঠনের অঙ্গীকার ব্যক্ত করে আইনমন্ত্রী বলেন, দুর্নীতি, দালালচক্র ও কাঠামোগত দুর্বলতা দূর করে এমন এক স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগ গড়ে তোলা হবে, যেখানে দরিদ্র ও অসহায় মানুষ স্রষ্টার পরেই সবচেয়ে বেশি আস্থা পাবেন। বিচারে মানবিক মূল্যবোধ ও দায়িত্ববোধ নিশ্চিত করাকে প্রধান চ্যালেঞ্জ হিসেবে অভিহিত করেন তিনি।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশীষ বিন হাছানসহ স্থানীয় প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।