https://asia24.tv


ছবি: -প্রতিনিধি
স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগের পর আজ রবিবার (২৬ জুলাই) সপরিবারে বঙ্গভবন ছাড়ছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। গুলশানের নিজ বাসভবনে উঠবেন তিনি। দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস ও ‘অটোনোমিক নিউরোপ্যাথি’সহ নানা জটিলতায় ভোগা সাহাবুদ্দিন উন্নত চিকিৎসার জন্য শিগগিরই স্ত্রী রেবেকা সুলতানাকে নিয়ে সিঙ্গাপুর বা ব্যাংকক যাবেন। উল্লেখ্য, ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে তিনি শপথ নিয়েছিলেন।
সংবিধান অনুযায়ী সাবেক রাষ্ট্রপতির পদত্যাগের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। তবে তিনি বঙ্গভবনে উঠবেন না; সংসদ প্রাঙ্গণে স্পিকারের বাসভবনে থেকেই দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন। দায়িত্ব পালনের অংশ হিসেবে আজ তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধ এবং শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন।
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, আগামী ৬০ দিনের মধ্যে সংসদ অধিবেশন ডেকে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত নিষ্পত্তি করা হবে, তাই আলাদা বিশেষ অধিবেশনের প্রয়োজন নেই। পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, দলীয় ফোরামে আলোচনা করে যথাসময়ে সংবিধান মেনে সিদ্ধান্ত নেওয়া হবে।
অন্যদিকে, পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এক অনুষ্ঠানে বলেন, ব্যক্তিগত ও স্বাস্থ্যগত কারণে পদত্যাগের অধিকার যেকোনো রাষ্ট্রপতির রয়েছে; এর পেছনে তিনি কোনো রাজনৈতিক কারণ দেখছেন না।


