https://asia24.tv


ছবি: -ফাইল ছবি
সরকারি কর্মচারীদের ১ম থেকে ২০তম গ্রেডের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বাধীন পর্যালোচনা কমিটি। উচ্চপর্যায়ের গঠিত এই সচিব কমিটির সব সদস্য চূড়ান্ত প্রতিবেদনে ইতোমধ্যেই স্বাক্ষর করেছেন।
সুপারিশ অনুযায়ী, নতুন এই বেতন কাঠামো দুই ধাপে বাস্তবায়িত হবে; যার মধ্যে প্রথম বছরে বাড়ানো হবে মূল বেতন এবং পরবর্তী বছরে বাড়িভাড়া ও অন্যান্য সুযোগ-সুবিধাসংক্রান্ত ভাতাদি কার্যকর করা হবে।
সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিন উপলক্ষে প্রকাশিত ‘জনগণের সরকারের ১৮০ দিন’ শীর্ষক বিশেষ ই-বুকে নতুন বেতন স্কেলের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ই-বুকের ‘নবম পে–স্কেল: সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর’ অধ্যায়ে উল্লেখ করা হয়, ২০২৬-২৭ অর্থবছরে কর্মচারীদের বেতন–ভাতার জন্য ৮৯ হাজার ৮ ৩৬ কোটি টাকা এবং পেনশন ও গ্র্যাচুইটিসহ মোট ১ লাখ ৪১ হাজার ৪৩৪ কোটি টাকা বাজেট বরাদ্দ রাখা হয়েছে।
গত ১১ জুন জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী জানান, দীর্ঘ ১১ বছর ধরে বেতন কাঠামো অপরিবর্তিত থাকায় মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো ধাপে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছে।
উল্লেখ্য, অষ্টম বেতন কমিশনের এক যুগ পর ২০২৫ সালের ২৭ জুলাই ২৩ সদস্যের নবম জাতীয় বেতন কমিশন গঠিত হয়। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন সেই কমিশন ২০টি গ্রেড বহাল রেখে মূল বেতন সর্বনিম্ন ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লাখ ৬০ হাজার টাকা করার প্রস্তাব দিয়ে চলতি বছরের ২১ জানুয়ারি প্রতিবেদন দাখিল করে। পরবর্তীতে তা পর্যালোচনা ও বাস্তবায়নের রূপরেখা নির্ধারণে মন্ত্রিপরিষদ সচিবকে প্রধান করে ১০ সদস্যের কমিটি গঠন করা হয়, যাদের সুনির্দিষ্ট প্রস্তাবনা নিয়ে এখন প্রজ্ঞাপন জারির অপেক্ষা।


