জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয় অবদান রাখা তিন যোদ্ধার আত্মকর্মসংস্থান ও পরিবারিক স্বচ্ছলতা নিশ্চিত করতে একটি সিএনজি, দুটি প্যাডেলচালিত ও দুটি ব্যাটারিচালিত অটোরিকশা উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৮ আগস্ট ২০২৬) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে যানবাহনগুলোর চাবি তুলে দেওয়া হয়। প্রধানমন্ত্রী তাঁদের শারীরিক অবস্থা ও জীবিকার খোঁজ নেন এবং নিরাপদে যানবাহনগুলো গন্তব্যে নেওয়ার নির্দেশ দেন।
উপকারভোগীদের মধ্যে মিরপুর বাংলা কলেজের শিক্ষার্থী মোহাম্মদ আজিজ শেখ পান সিএনজি অটোরিকশা। আন্দোলনকালে মিরপুর-১০ এলাকায় তিনি ৩৬টি গুলির স্প্লিন্টার নিয়ে আহত হন। নড়াইলের এই শিক্ষার্থীকে পড়ালেখা চালিয়ে যাওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। মহাখালীতে আন্দোলনকারীদের পানি পান করানো ও আহতদের রিকশায় হাসপাতালে পৌঁছে দেওয়া চুয়াডাঙ্গার মো. গফফারকে দুটি প্যাডেলচালিত রিকশা দেওয়া হয়। এর একটি নিজে চালাবেন ও অন্যটি ভাড়া দেবেন তিনি। এছাড়া অভাব অনটনে দিন কাটানো বগুড়ার ৬৫ বছর বয়সী আসাদুল হক বিশুকে দুটি ব্যাটারিচালিত অটোরিকশা উপহার দেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে বিএনপির দলীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।





মন্তব্য করুন