অপ্রত্যাশিতভাবে ভোরের দিকে ঘন কুয়াশার চাদরে ঢেকে গেল উত্তরবঙ্গের জনপদ নীলফামারী। হঠাৎ এমন আবহাওয়া দেখা দেওয়ায় চারপাশ আচ্ছন্ন হয়ে পড়ে এবং সড়কগুলোতে সাধারণ দৃষ্টিসীমা মারাত্মকভাবে কমে যায়।

কুয়াশার তীব্রতার কারণে সকালের দিকে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে অত্যন্ত সতর্কতার সাথে চলাচল করতে দেখা গেছে। হঠাৎ আবহাওয়া এমন রূপ নেওয়ায় ঘর থেকে বের হওয়া দিনমজুর, পথচারী ও কৃষকরা কিছুটা বিপাকে পড়েন। তবে বেলা বাড়ার সাথে সাথে কুয়াশা কেটে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।

 

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে জেলায় এমন চিত্র দেখা যায়।

স্থানীয় বাসিন্দারা জানান, সেপ্টেম্বর মাসের শেষের দিকে রাতে ও ভোরে ঘন কুয়াশা পড়লেও এবার মাসের মাঝামাঝি সময়ে ভোরে ঘন কুয়াশা দেখা দিয়েছে। ভোরে ঘন কুয়াশা দেখে অনেকে আগেভাগেই শীতের আগমনের কথা ভাবছে।

জেলা সদরের বাসিন্দা আকরাম আলী বলেন, সকালে ঘুম থেকে উঠে দেখি চারপাশ কুয়াশায় ঢাকা পড়েছে। শহরে সেপ্টেম্বরের শেষের দিকে কুয়াশার ঘনত্ব বাড়লেও এবার মাসের মাঝামাঝি সময়ে সেটির দেখা মিলেছে।

শহরের রিকশা চালাক আলিম উদ্দিন বলেন, প্রত্যেক দিন ভোরে গাড়ি নিয়ে বের হই। আজকে বের হয়ে দেখি সকাল থেকে চারদিকে কুয়াশা।

সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম বলেন, কয়েকদিন ধরে সকালের তাপমাত্রা ২৪ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। আজকে সকাল ৬টায় সর্বনিম্ন ২৬ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ধীরে ধীরে তাপমাত্রা আরও কমতে থাকবে।