https://asia24.tv


ছবি: -সংগৃহীত
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের নানা উপসর্গে আক্রান্ত হয়ে আরও সাতজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে দেশের বিভিন্ন স্থানে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৫৫ জন রোগী।
শনিবার (১২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক হালনাগাদ বিজ্ঞপ্তিতে এ আশঙ্কাজনক তথ্য জানানো হয়। এর আগের দিন শুক্রবারও হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছিল স্বাস্থ্য দপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া দাপ্তরিক তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত সারা দেশে হাম ও সংশ্লিষ্ট উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯ জনে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশজুড়ে হাম উপসর্গে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৬৯ হাজার ৮২২ জন। এর মধ্যে নমুনা পরীক্ষার পর নিশ্চিতভাবে হাম আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ১৯ হাজার ৯৬৭ জন।
এ ছাড়া উল্লেখিত সময়ে হামের বিভিন্ন লক্ষণ নিয়ে চিকিৎসা নিতে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৪৯ হাজার ৪৭১ জন। এর মধ্যে ইতোমধ্যে চিকিৎসা নিয়ে ১ লাখ ৪৩ হাজার ৮৬৪ জন রোগী পুরোপুরি সুস্থ হয়ে নিজ নিজ বাড়িতে ফিরে গেছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে বাকি আক্রান্তদের সেবা দেওয়া হচ্ছে।


