https://asia24.tv


স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচ। ছবি: -ফাইল ছবি
২০২৬ বিশ্বকাপ ফুটবলের রুদ্ধশ্বাস ফাইনালে স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হেরেছে আর্জেন্টিনা। এই উত্তেজনাকর ম্যাচ শেষ হওয়ার মাত্র এক সপ্তাহের মাথায় আন্তর্জাতিক রেফারিং থেকে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দিলেন স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচ।
ফাইনাল ম্যাচে ভিনচিচের কিছু সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। বিশেষ করে অতিরিক্ত সময়ে এনজো ফার্নান্দেজকে লাল কার্ড দেওয়া এবং ম্যাচ শেষে মাঠের সংঘর্ষের ঘটনা পরিস্থিতি আরও উত্তপ্ত করে তোলে। ওই ম্যাচে অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের করা জয়সূচক গোলে শিরোপা জেতে স্পেন। এরপর লিয়ান্দ্রো পারেদেস ও গাভির মধ্যকার অনাকাঙ্ক্ষিত ঘটনাসহ ম্যাচ-পরবর্তী নানা বিশৃঙ্খলা এখন ফিফার তদন্তাধীন।
ভিনচিচের অবসরের বিষয়টি নিশ্চিত করে স্লোভেনিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালের মাধ্যমেই এই ৪৬ বছর বয়সী রেফারি তার ঐতিহাসিক ক্যারিয়ারের ইতি টানলেন।
বিতর্ক দিয়ে ইতি টানলেও ভিনচিচের ক্যারিয়ার ছিল অর্জনে ঠাসা। আন্তর্জাতিক ফুটবল ইতিহাস ও পরিসংখ্যান ফেডারেশন (আইএফএফএইচএস) এবং ইতালিয়ান রেফারিজ অ্যাসোসিয়েশন (এআইএ) তাকে এই বিশ্বকাপের সেরা রেফারি হিসেবে স্বীকৃতি দেয়। ২০১৯ সাল থেকে উয়েফার এলিট প্যানেলে থাকা এই রেফারি ইউরো ২০২০, ২০২৪ ইউরো সেমিফাইনাল এবং ২০২৪ সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল পরিচালনা করেন।
চলতি বিশ্বকাপে ভিনচিচ মোট চারটি ম্যাচ পরিচালনা করেন। এর মধ্যে শেষ ষোলোর ম্যাচে মুখ ঢাকার অপরাধে পিয়েরো হিনকাপিয়েকে লাল কার্ড দেখিয়েও তিনি নতুন নিয়মের চর্চা নিয়ে খবরের শিরোনাম হন। এছাড়া ২০২৫ সালে প্রথম বিদেশি রেফারি হিসেবে গালাতাসারাই ও ফেনারবাহচের তুর্কি ডার্বি পরিচালনা করে তিনি ইতিহাস গড়েছিলেন।


