আর্জেন্টাইন ফুটবলের সোনালী যুগের তারকা ক্লদিও ক্যানিজিয়া ঢাকায় আসছেন। তিনটি বিশ্বকাপ খেলা এবং ডিয়েগো ম্যারাডোনা ও গ্যাব্রিয়েল বাতিস্তুতার এই কিংবদন্তি সতীর্থকে বরণ করে নিতে রাজধানীতে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

লিংক থ্রি ও অ্যাফোর্ডেবল ভেঞ্চার লিমিটেডের যৌথ উদ্যোগে আগামী ১৮ আগস্ট (২০২৬) রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে দুপুর ৩টা থেকে শুরু হবে এই বিশেষ আয়োজন, যার নাম দেওয়া হয়েছে ‘সকারামা’।

ক্যানিজিয়ার আগমন ও কনসার্ট নিয়ে সঙ্গীত অঙ্গনে উচ্ছ্বাস বইছে। জনপ্রিয় ব্যান্ড চিরকুট তাদের অফিসিয়াল ফেসবুক পেজে জানায়, ১৯৯০ ও ১৯৯৪ সালের বিশ্বকাপ কাঁপানো ক্যানিজিয়ার সম্মানে পারফর্ম করতে পেরে তারা রোমাঞ্চিত। অপর ব্যান্ড নেমেসিসও সামাজিক মাধ্যমে ভক্তদের সঙ্গে এই মাহেন্দ্রক্ষণ উদযাপনের অনুভূতি ভাগ করে নিয়েছে।

আয়োজকরা জানিয়েছেন, কনসার্টে আগত দর্শক ও ভক্তদের জন্য থাকবে বিশেষ চমক। ভাগ্যবান ১০০ জন দর্শক সরাসরি এই আর্জেন্টাইন মহাতারকার সঙ্গে কথা বলা, অটোগ্রাফ নেওয়া এবং ছবি তোলার দুর্লভ সুযোগ পাবেন।