সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে অন্তত ৭০ জন কিশোরীকে হয়রানি এবং ব্ল্যাকমেইল করার দায়ে এক ভারতীয় শিক্ষার্থীকে দীর্ঘ ৩০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এই চাঞ্চল্যকর সাইবার অপরাধের ঘটনায় কঠোর শাস্তির রায় দিয়ে বিচারক একে সাইবার জগতের এক চরম ন্যক্কারজনক অধ্যায় বলে উল্লেখ করেছেন।

জানা যায় যুক্তরাজ্যে অনলাইনে প্রেমের সম্পর্কের অভিনয়, বিশ্বাস অর্জন, এরপর ব্যক্তিগত ছবি ও ভিডিও নিয়ে ব্ল্যাকমেইল। এভাবেই একের পর এক কিশোরীকে ফাঁদে ফেলেছিলেন ভারতীয়  শিক্ষার্থী বিলাল কাজি।

শুক্রবার (১৩ নভেম্বর) চেস্টার ক্রাউন কোর্টে বিলাল কাজির সাজা ঘোষণা করা হয়। অন্তত ২০ বছর কারাগারে থাকতে হবে তাকে।

এরপর প্যারোলে মুক্তির যোগ্যতা অর্জন করতে পারবেন তিনি। পাশাপাশি, আজীবন যৌন অপরাধীদের নিবন্ধনে তার নাম থাকবে বলে বিবিসি ও টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে।

২৭ বছর বয়সী বিলাল কাজির বাড়ি ভারতের মুম্বাইয়ে। তিনি ইউনিভার্সিটি অব চেস্টারে পড়াশোনা করেছেন। পরে, বার্মিংহামে গিয়ে রসায়ন বিষয়ে পড়াশোনা করেন।

শিশুদের যৌন নিপীড়ন, ব্ল্যাকমেইল এবং যৌন কর্মকাণ্ডে প্ররোচিত করার ৩৭টি অভিযোগে তিনি দোষ স্বীকার করেছেন।

২০২১ সালের আগস্ট থেকে ২০২৫ সালের আগস্ট পর্যন্ত ১০ থেকে ১৭ বছর বয়সী কিশোরীদের নিশানা করেন কাজি। এসময় স্ন্যাপচ্যাট, রোবলক্স ও উইঙ্ক অ্যাপের মাধ্যমে তাঁদের সঙ্গে যোগাযোগ করতেন তিনি।

অনলাইনে ‘রিস’ নাম ব্যবহার করে নিজেকে ১৪ বছর বয়সী ব্রিটিশ কিশোর হিসেবে পরিচয় দিতেন।

তবে, নিজের পরিচয় গোপন রাখতে অন্য এক কিশোরের সামাজিক যোগাযোগমাধ্যমের ছবি ব্যবহার করতেন কাজি। এভাবে প্রথমে কিশোরীদের বিশ্বাস অর্জন করতেন তিনি।

পরে, তাদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে ব্যক্তিগত ছবি ও ভিডিও পাঠাতে প্ররোচিত করতেন। কোনো কোনো ক্ষেত্রে তাদের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট হ্যাক করে ছবিও প্রকাশ করেন।

এর আগে, ২০২১ সালের ডিসেম্বরে ১৩ বছর বয়সী এক কিশোরীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়। ২০২২ সালের মে মাসের মধ্যে পুলিশ ১৮০ জন সম্ভাব্য ভুক্তভোগীর সন্ধান পায়।

২০২৩ সালের জুলাইয়ে যুক্তরাজ্যে ফেরার পর হিথরো বিমানবন্দর থেকে কাজিকে গ্রেফতার করা হয়। সে সময় তার ডিভাইস থেকে ৯০০টির বেশি অশালীন ছবি ও ভিডিও উদ্ধার করা হয়।

কাজির ফাঁদে পড়ে কয়েকজন কিশোরী গুরুতর মানসিক সমস্যায় ভুগছেন বলে আদালতে জানানো হয়। তাদের কেউ উদ্বেগ ও খাদ্যাভ্যাসজনিত সমস্যায় আক্রান্ত হয়েছেন, আবার কেউ আত্মহত্যার চেষ্টাও করেছেন।

 

সূত্র: গালফ নিউজ