রাজধানীর যাত্রাবাড়ী ও কদমতলা এলাকার দীর্ঘদিনের তীব্র জলাবদ্ধতা সমস্যা নিরসনে অবশেষে শুরু হয়েছে কোনাপাড়া-কদমতলা খালের পুনর্খনন ও সংস্কার কাজ। অপরিকল্পিত নগরায়ন, দীর্ঘদিন খনন না করা এবং খালের দুই পাড় অবৈধভাবে দখল হয়ে যাওয়ায় দীর্ঘদিন ধরে এই খালে পানি নিষ্কাশন সম্পূর্ণ বন্ধ ছিল। এর ফলে সামান্য বৃষ্টিতেই ওই এলাকার রাস্তাঘাট ও বাসাবাড়িতে হাঁটুপানি জমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ত।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সিটি করপোরেশনের নিজস্ব অর্থায়নে প্রায় দুই মাস ধরে এ কার্যক্রম চলবে। এতে খাল থেকে ৮ হাজার ৯২৫ ঘনমিটার বর্জ্য ও কাদা অপসারণ করা হবে।
সোমবার (১৬ নভেম্বর) খালটির পরিষ্কার ও পুনর্খনন কার্যক্রমের উদ্বোধন করেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। এসময় খালের ওপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রমও পরিচালনা করা হয়।
ডিএসসিসি সূত্রে জানা গেছে, সংস্থাটির অঞ্চল-৯-এর ৬৩, ৬৪ ও ৬৫ নম্বর ওয়ার্ডের কোনাপাড়া ব্রিজ থেকে ফার্মের মোড় হয়ে কদমতলা পর্যন্ত খালটির বিস্তৃতি। ১ দশমিক ৭২০ কিলোমিটার দীর্ঘ এবং গড়ে ১২ ফুট প্রশস্ত এ খাল পুনর্খননের মাধ্যমে পানির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি খালের পাড়ে বৃক্ষরোপণ করা হবে।
ডিএসসিসির আশা, এ কার্যক্রম বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট এলাকার প্রায় আড়াই লাখ মানুষ সরাসরি উপকৃত হবেন। এতে এলাকার জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি পরিবেশের উন্নয়ন ও পরিচ্ছন্নতা নিশ্চিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক খাল পরিষ্কার ও পুনর্খনন কার্যক্রমে নাগরিকদের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, সিটি করপোরেশন সঠিকভাবে খাল খনন ও পরিষ্কারের কাজ করছে কি না, তা স্থানীয় বাসিন্দাদের তদারকি করতে হবে। কাজে কোনো গাফিলতি দেখা গেলে তা কর্তৃপক্ষকে জানাতে হবে।
তিনি বলেন, অতীতে খাল পরিষ্কারের উদ্যোগ নেওয়া হলেও সেগুলো কার্যকরভাবে বাস্তবায়িত হয়নি। জনগণের কাজ জনগণকেই বুঝে নিতে হবে।
প্রশাসক আরও বলেন, খাল পরিষ্কার ও উদ্ধারের পর যেন কেউ পুনরায় অবৈধভাবে দখল করতে না পারে এবং খালের ভেতরে ময়লা-আবর্জনা না ফেলে, সে বিষয়ে নাগরিকদের সংঘবদ্ধভাবে দায়িত্ব পালন করতে হবে। সরকারি সম্পদ মানেই জনগণের সম্পদ। এর সুফল ও কুফল উভয়ই নাগরিকদের ভোগ করতে হয়। তাই এ সম্পদ রক্ষণাবেক্ষণে সবাইকে দায়িত্বশীল হতে হবে।
এসময় রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনগুলোকে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রম, মশক নিধন এবং খাল খননের কাজে সহযোগিতার আহ্বান জানান তিনি। সরকার ও জনগণ একসঙ্গে কাজ করলে দ্রুত ঢাকা মহানগরীর ইতিবাচক পরিবর্তন সম্ভব বলেও মন্তব্য করেন প্রশাসক।
ডিএসসিসির অধিক্ষেত্রভুক্ত শাখা খালসহ মোট ২৬টি খালের মধ্যে ২২টি নিজস্ব অর্থায়নে খননের উদ্যোগ নিয়েছে সংস্থাটি। বাকি চারটি খালের পুনর্খনন ও উন্নয়নকাজ চলমান প্রকল্পের আওতায় বাস্তবায়ন করা হচ্ছে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মো. আশরাফুল ইসলাম, ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মাহাবুবুর রহমান তালুকদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।





মন্তব্য করুন