চট্টগ্রামের পটিয়ায় একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক প্রবাসী যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর আরোহী আহত হয়েছেন।

সোমবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের বোর্ড অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ও আহত দুজনের বাড়ি লোহাগাড়া উপজেলায়। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। তবে নিহত যুবক সম্প্রতি প্রবাস থেকে দেশে ফিরেছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে আরও জানা যায়, চট্টগ্রাম শহরগামী ঈগল পরিবহনের একটি বাসের (চট্টগ্রাম-জ ১১-০১৯৩) সঙ্গে শহর থেকে আসা একটি মোটরসাইকেলের (চট্ট মেট্রো-ল ২১-৮৮০২) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের এক আরোহী ঘটনাস্থলেই মারা যান। অপর আরোহী গুরুতর আহত হন।

কুসুমপুরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আকবর জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একজন মোটরসাইকেল আরোহীকে মৃত অবস্থায় দেখতে পান। অপরজন গুরুতর আহত ছিলেন। পরে তাকে হাসপাতালে পাঠানো হয়। নিহত ও আহত দুজনের বাড়ি লোহাগাড়া উপজেলায় বলে জানতে পেরেছেন তিনি।

পটিয়া হাইওয়ে থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বেলাল উদ্দিন বলেন, বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। তার মরদেহ উদ্ধার করা হয়েছে। বাসচালক পালিয়ে গেছেন। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।