ভারতের মধ্যপ্রদেশে এক বন কর্মকর্তার বাড়ি ও কার্যালয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নগদ অর্থ, সোনা ও রুপা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক হিসাবে উদ্ধার হওয়া সম্পদ ও অন্যান্য সম্পত্তির মোট মূল্য প্রায় ৭ কোটি ৬০ লাখ রুপি।
তবে তল্লাশি এখনো চলছে। ফলে সম্পদের পরিমাণ আরও বাড়তে পারে বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা।
অভিযুক্ত কর্মকর্তা সঞ্জীব কুমার শর্মা। তিনি মধ্যপ্রদেশের পাচমাড়িতে অবস্থিত সাতপুরা টাইগার রিজার্ভের সহকারী পরিচালক।
স্থানীয় তদন্তকারী সংস্থা লোকায়ুক্তের কাছে অভিযোগ করা হয়েছিল, স্ত্রীসহ কয়েকজনকে নিয়ে শর্মা তার বৈধ আয়ের তুলনায় অনেক বেশি সম্পদের মালিক হয়েছেন।
প্রাথমিক অনুসন্ধানে তার পরিচিত আয়ের তুলনায় সম্পদের পরিমাণ ২২৮ শতাংশ বেশি বলে ধারণা করা হয়। এরপর দুর্নীতি প্রতিরোধ আইনে তার বিরুদ্ধে মামলা করা হয়। আদালতের পরোয়ানা পাওয়ার পর তল্লাশি অভিযান চালায় লোকায়ুক্ত।
ভোপাল বিভাগের লোকায়ুক্তের পৃথক দল পাচমাড়িতে শর্মার সরকারি বাসভবন ও কার্যালয় এবং ছিন্দওয়ারায় তার ব্যক্তিগত বাড়িতে তল্লাশি চালায়।
লোকায়ুক্তের প্রাথমিক তথ্য অনুযায়ী, অভিযানে ২৬ লাখ ৩৬ হাজার ৮০০ রুপি নগদ অর্থ পাওয়া গেছে। এ ছাড়া ২ দশমিক ৫২৮ কেজি সোনা উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি ৫০ লাখ রুপি। পাওয়া গেছে ১ দশমিক ৬৫৬ কেজি রুপাও, যার দাম প্রায় ২ লাখ ৯৪ হাজার রুপি।
এ ছাড়া চারটি যানবাহন জব্দ করা হয়েছে। এগুলো হলো একটি স্করপিও, একটি মাহিন্দ্রা কিউভি, একটি রয়্যাল এনফিল্ড বুলেট মোটরসাইকেল এবং একটি স্কুটার। যানবাহনগুলোর সম্মিলিত আনুমানিক মূল্য ৩১ লাখ ২০ হাজার রুপি। বাড়িতে প্রায় ৫০ লাখ রুপি মূল্যের আসবাব ও অন্যান্য গৃহস্থালি সামগ্রীরও সন্ধান পেয়েছেন তদন্তকারীরা।
শর্মার সঙ্গে সংশ্লিষ্ট আরও দুটি সম্পত্তির তথ্য পেয়েছে লোকায়ুক্ত। এর মধ্যে ‘ইকোটেল রিসোর্ট’-এর আনুমানিক মূল্য ২ কোটি রুপি এবং ‘সেরেনিটি দ্য ভিলা’র মূল্য প্রায় ১ কোটি রুপি।
তল্লাশিতে জমি কেনাবেচাসংক্রান্ত ২৮টি নথিও উদ্ধার করা হয়েছে। তবে হোটেল ও রিসোর্ট দুটির আনুষ্ঠানিক মূল্যায়ন এখনো হয়নি। জমির নথিপত্র যাচাই এবং এসব সম্পত্তির মূল্য নির্ধারণের পর মোট সম্পদের পরিমাণ আরও বাড়তে পারে।
লোকায়ুক্তের প্রাথমিক হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত পাওয়া সম্পদের মূল্য শর্মার বৈধ আয়ের উৎসের তুলনায় প্রায় ৫৬০ শতাংশ বেশি। সংস্থাটি জানিয়েছে, এই হিসাব প্রাথমিক। নথিপত্র পরীক্ষা ও সম্পত্তির মূল্যায়ন শেষ হলে তার প্রকৃত সম্পদের পরিমাণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে।
তল্লাশি অভিযান এখনো চলছে। প্রয়োজনে শর্মার সঙ্গে সংশ্লিষ্ট অন্য স্থানেও অভিযান চালানো হতে পারে বলে জানিয়েছে লোকায়ুক্ত।
সূত্র: এনডিটিভি





মন্তব্য করুন