আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় ফলমূল সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক ও কর উল্লেখযোগ্য হারে কমিয়েছে সরকার।
খেজুর আমদানিতে কাস্টমস শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। অন্যদিকে, মাল্টা ও আপেল আমদানিতে মোট করভার ১২১ দশমিক ৭৮ শতাংশ থেকে কমিয়ে ৬১ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ প্রস্তাবটি উত্থাপন করে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পবিত্র এই মাসটিতে ইফতার ও অন্যান্য প্রয়োজনে এসব ফলের চাহিদা বহুগুণ বেড়ে যায়। বাজারদর স্থিতিশীল রাখতে এবং অসাধু সিন্ডিকেটের কারসাজি রোধ করতেই এই বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে।
মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছরের ১০ মার্চ পর্যন্ত খেজুর আমদানিতে ৫ শতাংশ কাস্টমস শুল্ক কার্যকর থাকবে। আগে এ পণ্যের আমদানি শুল্ক ছিল ২৫ শতাংশ।
এ ছাড়া মাল্টা ও আপেল আমদানিতে কমানো করহার আগামী ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে।
সিদ্ধান্ত অনুযায়ী, এইচএস কোড ০৮০৫১০৯০-ভুক্ত অরেঞ্জ (মাল্টা) এবং এইচএস কোড ০৮০৮১০৯০-ভুক্ত আপেল আমদানিতে মোট করভার ১২১ দশমিক ৭৮ শতাংশ থেকে কমিয়ে ৬১ শতাংশ করা হয়েছে।
সরকারের এ সিদ্ধান্তের লক্ষ্য রমজান মাসে এসব ফলের আমদানি বাড়ানো, বাজারে সরবরাহ স্বাভাবিক রাখা এবং ভোক্তাদের জন্য দাম সহনীয় পর্যায়ে রাখা।





মন্তব্য করুন