শেরপুরে সাতদিনব্যাপী বৃক্ষমেলায় পরিবেশবান্ধব এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ক্লিন আপ শেরপুর’। মেলায় যেকোনো আকারের পাঁচটি প্লাস্টিক বোতল জমা দিলেই দেওয়া হচ্ছে একটি গাছের চারা। ফুল, ফল, বনজ ও ঔষধি—পছন্দমতো বিভিন্ন প্রজাতির চারা সংগ্রহ করছেন দর্শনার্থীরা। এ উদ্যোগে নারী ও শিশুদের অংশগ্রহণ সবচেয়ে বেশি দেখা যাচ্ছে।
জেলা প্রশাসন উদ্যানে আয়োজিত বৃক্ষমেলার একটি স্টলে প্লাস্টিকের বোতলের বিনিময়ে বিনামূল্যে গাছের চারা বিতরণ করছে সংগঠনটি।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ সংরক্ষণ, প্লাস্টিক দূষণ কমানো এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও পরিচ্ছন্ন শেরপুর গড়ে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
স্টলে পরিবেশ সচেতনতা বাড়াতে টাঙানো হয়েছে বিভিন্ন স্লোগান। এর মধ্যে রয়েছে— ‘সবুজে সাজাই দেশ, প্লাস্টিকমুক্ত বাংলাদেশ’ এবং ‘দিলে বোতল মিলবে গাছ, সুস্থভাবে নেবো শ্বাস। ফেললে ময়লা যত্রতত্র, সবার হবে জীবন নাশ।’ এসব বার্তার মাধ্যমে দর্শনার্থীদের প্লাস্টিক দূষণের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করা হচ্ছে। পাশাপাশি রাস্তা বা আশপাশ থেকে সংগ্রহ করা অন্তত পাঁচটি প্লাস্টিক বোতল জমা দিলেই দেওয়া হচ্ছে একটি গাছের চারা।
ক্লিন আপ শেরপুরের সমন্বয়ক অন্তর বলেন, “পরিবেশের জন্য ক্ষতিকর প্লাস্টিকের ব্যবহার ও এর বিরূপ প্রভাব সম্পর্কে মানুষকে সচেতন করাই আমাদের মূল লক্ষ্য। একই সঙ্গে সবাইকে বেশি বেশি গাছ লাগাতে উৎসাহিত করতে বিনামূল্যে চারা বিতরণ করা হচ্ছে।”
তিনি জানান, এ পর্যন্ত প্রায় সাড়ে ৮০০টি গাছের চারা বিতরণ করা হয়েছে। এর মাধ্যমে অন্তত পাঁচ হাজার প্লাস্টিকের বোতল সংগ্রহ করা সম্ভব হয়েছে। চারা গ্রহণকারী শিশু ও নারীদের গাছ লাগানোর পাশাপাশি নিয়মিত পরিচর্যারও আহ্বান জানানো হচ্ছে।
বৃক্ষমেলার উদ্যোক্তা জেলা প্রশাসক ফরিদা ইয়াছমিন বলেন, “উদ্যোগটি ছোট হলেও এর গুরুত্ব অনেক বড়। পরিবেশ রক্ষায় প্লাস্টিক দূষণ কমানোর পাশাপাশি বেশি বেশি গাছ লাগাতে হবে। শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যাও নিশ্চিত করতে হবে।”




মন্তব্য করুন