নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি পর্যবেক্ষণে রাজধানীর শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শন করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এবং খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে মন্ত্রীরা ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে নিত্যপণ্যের সরবরাহ ও মূল্য পরিস্থিতি খতিয়ে দেখেন। পরিদর্শন শেষে কৃষিমন্ত্রী জানান, কাঁচামরিচের বাজার স্থিতিশীল করতে আমদানি শুল্ক কমানো হচ্ছে এবং আমদানির অনুমতিও দেওয়া হয়েছে। আগামীকাল থেকে আমদানি কার্যক্রম শুরু হলে আগামী দুই থেকে পাঁচ দিনের মধ্যে দাম সহনীয় পর্যায়ে নেমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অন্যদিকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ভোক্তাদের স্বস্তি দিতে সরকার সব পদক্ষেপ গ্রহণ করবে। তিনি গণমাধ্যমকে বস্তুনিষ্ঠ তথ্য তুলে ধরার আহ্বান জানিয়ে বলেন, এতে কৃত্রিম সংকট বা মূল্য কারসাজি প্রতিরোধ করা সহজ হবে।

এর আগে বাণিজ্য মন্ত্রণালয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত সভা শেষে মন্ত্রীরা সরাসরি শান্তিনগর বাজার পরিদর্শনে যান।