https://asia24.tv


ছবি: -প্রতিনিধি
ব্যবহারকারীদের তথ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে এবং বিভিন্ন দেশের নিয়ন্ত্রণমূলক ব্যবস্থার সাথে সামঞ্জস্য বজায় রাখতে যুক্তরাষ্ট্রকে বড় অঙ্কের আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে জনপ্রিয় সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম টিকটক। প্রযুক্তি খাতের নিরাপত্তা জোরদার এবং ডেটা প্রাইভেসি সংক্রান্ত উদ্বেগের সুরাহা করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
জানা যায শিশুদের ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের সঙ্গে ৪০ কোটি ডলারের সমঝোতা করেছে টিকটক। এর মধ্য দিয়ে ২০২৪ সালে করা মামলাটির নিষ্পত্তি হতে যাচ্ছে। সমঝোতা অনুযায়ী টিকটককে তাৎক্ষণিকভাবে ৩০ কোটি ডলার দিতে হবে। পরে আরও ১০ কোটি ডলার দিতে হবে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ গত শুক্রবার এ তথ্য জানিয়েছে।
মামলায় টিকটক ও এর চীনা মালিকানা প্রতিষ্ঠান বাইটড্যান্সের বিরুদ্ধে ১৩ বছরের কম বয়সী শিশুদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের অভিযোগ আনা হয়েছিল। অভিযোগ ছিল, এ ধরনের তথ্য সংগ্রহের আগে শিশুদের অভিভাবকের অনুমতি নেওয়া হয়নি।
অভিভাবকেরা শিশুদের হিসাব মুছে দেওয়ার অনুরোধ করলেও প্রতিষ্ঠান দুটি তা যথাযথভাবে কার্যকর করেনি বলেও অভিযোগ করা হয়। এমনকি কোনো হিসাব ১৩ বছরের কম বয়সী শিশুর বলে জানা থাকার পরও তা মুছে দেওয়া হয়নি বলে মামলায় উল্লেখ করা হয়।
সমঝোতার বিষয়ে যুক্তরাষ্ট্রের সহযোগী অ্যাটর্নি জেনারেল স্ট্যানলি ই উডওয়ার্ড জুনিয়র বলেন, এটি মার্কিন শিশু ও অভিভাবকদের জন্য বড় অর্জন। শিশুদের অনলাইনে সুরক্ষা নিশ্চিত করাই সরকারের অন্যতম অগ্রাধিকার বলেও জানান তিনি।
২০২৪ সালে মামলা হওয়ার পর টিকটকের যুক্তরাষ্ট্রের কার্যক্রমে বেশ কিছু পরিবর্তন এসেছে। এর মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে মালিকানার কাঠামোয়।
চলতি বছরের জানুয়ারিতে টিকটক যুক্তরাষ্ট্রের কার্যক্রম নিয়ে ওরাকল, সিলভার লেক ও সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগ প্রতিষ্ঠান এমজিএক্সের সঙ্গে চুক্তি করে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রে টিকটকের নতুন যৌথ উদ্যোগ গঠনের পথ তৈরি হয়।
শিশুদের তথ্য সুরক্ষা নিয়ে টিকটকের বিরুদ্ধে মামলাটি এমন সময়ে নিষ্পত্তি হলো যখন সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে একই ধরনের অভিযোগে একের পর এক মামলা হচ্ছে। বিভিন্ন দেশেও শিশু ও কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার সীমিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। শিশুদের নিরাপত্তা ও ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিয়ে বিশ্বজুড়েই বাড়ছে উদ্বেগ।
যুক্তরাষ্ট্রের আদালতে বর্তমানে মেটার বিরুদ্ধেও শিশুদের অনলাইন সুরক্ষা নিয়ে মামলা চলছে। ইনস্টাগ্রামের মালিক প্রতিষ্ঠানটির বিরুদ্ধে শিশুদের অনলাইন গোপনীয়তা সুরক্ষা আইনসহ বিভিন্ন আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে।
টিকটকের সঙ্গে করা এই সমঝোতার ফলে ২০২৪ সালের মামলাটি নিষ্পত্তির পথে গেলেও শিশুদের তথ্য সুরক্ষা নিয়ে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নজরদারি আরও কঠোর হওয়ার ইঙ্গিত মিলছে।


