চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার ঘটনায় অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার বাগিচাহাটের উত্তরে খানদিঘী শিকারীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর মহাসড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। পরে দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে কক্সবাজারগামী সৌদিয়া পরিবহনের বাসটি (চট্ট মেট্রো-ব ১১-১১৭০) খানদিঘী শিকারীপাড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি মহাসড়কের ওপর উল্টে যায়।
দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন। পরে আহতদের চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতাল ও দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। গুরুতর আহত কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার পর বাসটি মহাসড়কের ওপর পড়ে থাকায় দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। পরে রেকার ও ক্রেনের সাহায্যে বাসটি সরানো হয়।
স্থানীয়দের অভিযোগ, মহাসড়কের ওই অংশে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই। সড়কে সামান্য বাঁক থাকায় ভোররাতে দ্রুতগতির যানবাহন চলাচলে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। তারা যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও সড়কে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করার দাবি জানিয়েছেন।





মন্তব্য করুন