https://asia24.tv


ছবি: ছবি: -সংগৃহীত
লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে অপহরণের শিকার ১৩ জন বাংলাদেশি অভিবাসীকে সফল অভিযানের মাধ্যমে উদ্ধার করেছে দেশটির অবৈধ অভিবাসনবিরোধী সংস্থা (অ্যান্টি-ইলিগ্যাল মাইগ্রেশন এজেন্সি)। এ ঘটনায় জড়িত থাকার অপরাধে এক সিরীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘দ্য লিবিয়া অবজারভারে’ প্রকাশিত এক বিশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
সংস্থাটির ইস্ট ত্রিপোলি শাখার তদন্ত ইউনিট সূত্রের খবর, একটি সংঘবদ্ধ অপরাধী চক্র লিবিয়ায় নতুন আসা অভিবাসীদের অস্ত্রের মুখে জিম্মি করে দেশে থাকা স্বজনদের কাছ থেকে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করে আসছিল। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লিবিয়ার আইনশৃঙ্খলা বাহিনী পাবলিক প্রসিকিউশনের অনুমতি নিয়ে অভিযান পরিচালনা করে। সফল অভিযানে একটি গোপন আস্তানা থেকে ১৩ জন বাংলাদেশিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই মূল পরিকল্পনাকারী ওই সিরীয় নাগরিককে আটক করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিবৃতিতে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তি অপহরণের সঙ্গে সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। স্বীকারোক্তিমূলক জবানবন্দি নথিভুক্ত করার পর তাকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া বাংলাদেশিদের প্রয়োজনীয় আইনি ও মানবিক সহায়তা প্রদান করা হচ্ছে।


