https://asia24.tv


রাতে আতশবাজি। ছবি: -ফাইল ছবি
জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া অনুষ্ঠান কিংবা বিভিন্ন দিবস উদ্যাপনের সময় রাতে লাউডস্পিকার ও আতশবাজি ব্যবহারে তীব্র শব্দদূষণ, জনউপদ্রব এবং সমর্থক গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষের ঘটনায় সরকারের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে জুয়া প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতাকেও কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা-ও রুলে জানতে চাওয়া হয়েছে।
সুপ্রিম কোর্টের আট আইনজীবীর জনস্বার্থে দায়ের করা একটি রিট পিটিশনের প্রাথমিক শুনানি শেষে আজ রোববার (২৬ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালত স্বরাষ্ট্রসচিব, যুব ও ক্রীড়াসচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারসহ সংশ্লিষ্ট বিবাদীদের চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে নির্দেশ দিয়েছেন।
রিট আবেদনকারী আইনজীবীরা হলেন—মোহাম্মদ শফিকুল ইসলাম, মো. মহিউদ্দিন, ইয়াসিন আলফাজ, সাইফুল্লাহ খালেদ, মোহাম্মদ ওয়াহিদুল আলম, মো. রায়হান সোবহান, মো. আবু দাউদ নিজাম ও শেখ শরিফ উদ্দিন ফিরোজ।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আজিম উদ্দিন পাটোয়ারী। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি পরিচালনা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নুর মোহাম্মদ আজমী ও ইউনুস আলী রবি।
আইনজীবীরা জানান, গভীর রাতে উচ্চশব্দে লাউডস্পিকার বাজানো ও আতশবাজি ফোটানোর কারণে চরম জনভোগান্তি ও শব্দদূষণ সৃষ্টি হচ্ছে, যা প্রতিরোধে সুনির্দিষ্ট আইনি তদারকি প্রয়োজন।


