ফ্যাশন উদ্যোক্তা আয়েশাহ আনুম ফায়যাহ সানায়া চৌধুরীকে আবারও হুমকি দেওয়ার অভিযোগে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে মামলা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন সানায়া। আদালত তার জবানবন্দি গ্রহণ করে তানজিন তিশাকে আগামী ২৩ নভেম্বর হাজির হয়ে অভিযোগের বিষয়ে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন।
বাদীপক্ষের আইনজীবী শুভ্র সিনহা রায় গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর একদিন আগে, রোববার (২৫ অক্টোবর), তানজিন তিশার বিরুদ্ধে করা আগের মামলাটির অধিকতর তদন্তের নির্দেশ দেন আদালত। ওই মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্ত করে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
আগের মামলায় পুলিশের ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) অভিযোগের সত্যতা না পাওয়ার কথা জানিয়ে আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছিল। তবে ওই প্রতিবেদনের বিরুদ্ধে বাদীপক্ষের নারাজির আবেদন শুনে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম অধিকতর তদন্তের নির্দেশ দেন।
বাদীপক্ষের আইনজীবী শুভ্র সিনহা রনি জানান, নারাজির আবেদনের শুনানির সময় আদালত সাক্ষীদের জবানবন্দিও গ্রহণ করেন। পরে মামলাটির তদন্তের দায়িত্ব সিআইডিকে দেওয়া হয়।
মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের ২৭ নভেম্বর তানজিন তিশার বিরুদ্ধে প্রথম মামলা করেন সানায়া চৌধুরী। তার অভিযোগ, ২০২৪ সালের ১৩ ডিসেম্বর একটি অনুষ্ঠানে পরার জন্য তানজিন তিশা তার কাছ থেকে ৭৫ হাজার টাকা মূল্যের একটি শাড়ি নেন। পরদিন শাড়িটি ফেরত দেওয়ার কথা থাকলেও তা ফেরত দেওয়া হয়নি।
শাড়িটি ফেরত চাওয়ার পর তানজিন তিশা তাকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করেন সানায়া। এ ঘটনায় তিনি ২০২৫ সালের ১২ নভেম্বর গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
তদন্ত শেষে গত ২৫ মে পিবিআই আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি উল্লেখ করে তানজিন তিশাকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়। ওই প্রতিবেদনের বিরুদ্ধে বাদীপক্ষ আপত্তি জানালে আদালত মামলাটি পুনরায় তদন্তের নির্দেশ দেন।





মন্তব্য করুন