https://asia24.tv


ব্রাজিলের ফুটবল দল ছবি: -ফাইল ছবি
ভারত সফরে যাওয়ার পরিকল্পনা করছে ব্রাজিল জাতীয় ফুটবল দল। দেশটির ঐতিহ্যবাহী শহর কলকাতায় সেলেসাওরা একটি প্রীতি ম্যাচ খেলতে পারে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ‘ইএসপিএন ব্রাজিল’।
প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি শেষ হওয়া ২০২৬ বিশ্বকাপে ভারতীয় সমর্থকদের বিশাল উন্মাদনা ও আবেগ নজর কাড়ে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ)। এরপর থেকেই ভারতের একটি প্রতিনিধি দলের সঙ্গে দলটির প্রাথমিক কথাবার্তা শুরু হয়।
সূচি অনুযায়ী, আগামী সেপ্টেম্বর ও অক্টোবরের মাঝে তিনটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে ব্রাজিলের। এর মধ্যে অস্ট্রেলিয়ার মাটিতে ২৫ সেপ্টেম্বর টাউনসভিলে এবং ২৯ সেপ্টেম্বর ব্রিসবেনে স্বাগতিকদের বিপক্ষে দুটি ম্যাচ চূড়ান্ত হয়ে গেছে। তবে তৃতীয় ম্যাচটির জন্য সম্ভাব্য ভেন্যু হিসেবে ভারতকে বিবেচনায় রাখা হয়েছে। ম্যাচটিতে ব্রাজিলের প্রতিপক্ষ কে হবে, তা এখনো নির্ধারিত হয়নি। ভারতের পাশাপাশি বাংলাদেশ, সিঙ্গাপুর ও কাতারে ম্যাচটি আয়োজনের প্রাথমিক আলোচনা থাকলেও মূল অগ্রগতি হচ্ছে ভারতকে কেন্দ্র করেই।
ম্যাচটি কলকাতায় অনুষ্ঠিত হলে তা শহরটির সমৃদ্ধ ফুটবল ইতিহাসে নতুন এক পালক যোগ করবে। এর আগে ১৯৭৭ সালে নিউইয়র্ক কসমসের হয়ে মোহনবাগানের বিরুদ্ধে ইডেন গার্ডেনসে খেলে গিয়েছিলেন পেলের মতো কিংবদন্তি।
উল্লেখ্য, ২০২৬ বিশ্বকাপে ব্রাজিল দলের অভিযান ছিল চরম হতাশাজনক। অভিজ্ঞ কোচ কার্লো আনচেলত্তির অধীনে ষষ্ঠ শিরোপার স্বপ্ন নিয়ে নামলেও নকআউট পর্বের শেষ ষোলোতে নরওয়ের কাছে হেরে বিদায় নেয় তারা; যা ১৯৯০ সালের পর তাদের দ্রুততম বিদায়। টুর্নামেন্টে ভিনিসিয়ুস জুনিয়র ৪টি গোল ও ১টি অ্যাসিস্ট করে নজর কাড়লেও দলকে বাঁচাতে পারেননি। বিশ্বকাপ ব্যর্থতা ভুলে প্রীতি ম্যাচের মধ্য দিয়েই আবার নতুন করে ঘুরে দাঁড়াতে চায় ল্যাটিন আমেরিকার এই জায়ান্টরা।


