টাঙ্গাইলের মির্জাপুরে জন্মদাত্রী বৃদ্ধা মাকে পিটিয়ে নৃশংসভাবে হত্যার দায়ে ছেলেকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে টাঙ্গাইলের সিনিয়র দায়রা জজ মো. হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
দণ্ডিত ইউনুস মণ্ডল (২৫) মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের মশাজান গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে।
টাঙ্গাইলের সরকারি কৌঁসুলি (পিপি) মো. শফিকুল ইসলাম রিপন জানান, নিহত ফুলমালা বেগমের সঙ্গে একই বাড়িতে বসবাস করতেন তার ছোট ছেলে ইউনুস। তিনি কৃষিকাজ করতেন। বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই মাকে গালিগালাজ করতেন ইউনুস।
২০২৫ সালের ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় মাকে গালিগালাজের একপর্যায়ে ঘর থেকে বাঁশের লাঠি এনে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন ইউনুস। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই ফুলমালা বেগমের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের মেয়ে সেলিনা বেগম বাদী হয়ে মির্জাপুর থানায় হত্যা মামলা করেন।
পিপি আরও জানান, ঘটনার পরদিন পুলিশ ইউনুসকে গ্রেফতার করে। পরে তিনি ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তার দেওয়া তথ্য অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত বাঁশের লাঠিও উদ্ধার করা হয়। বিচার চলাকালে অভিযোগ গঠনের সময়ও তিনি আদালতে দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন।
সাক্ষ্যপ্রমাণ, ময়নাতদন্তের প্রতিবেদন ও আসামির স্বীকারোক্তি পর্যালোচনা করে আদালত এ রায় দেন। হাইকোর্ট বিভাগের অনুমোদন সাপেক্ষে ফাঁসি কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।





মন্তব্য করুন