https://asia24.tv


ছবি: -ফাইল ছবি
দেশের অভ্যন্তরীণ বাজারে গ্যাসের ঘাটতি মেটাতে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্য থেকে দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ক্রয়ের অনুমোদন দিয়েছে সরকার। আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ার মাধ্যমে সেপ্টেম্বরের দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে এই গ্যাস আমদানি করা হবে, যেখানে প্রতি এমএমবিটিইউ গ্যাসের মূল্য পড়বে ২৪ ডলারেরও বেশি।
সোমবার (২৪ আগস্ট) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই প্রস্তাব অনুমোদন পায়।
অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান ‘পোসকো ইন্টারন্যাশনাল করপোরেশন’ থেকে আগামী ১৩-১৪ সেপ্টেম্বর সময়ের মধ্যে এক কার্গো এলএনজি কেনা হবে। এই চুক্তিতে প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিটের (এমএমবিটিইউ) দাম নির্ধারণ করা হয়েছে ২৪.৬২৫ মার্কিন ডলার।
অন্যদিকে, যুক্তরাজ্যের ‘টোটাল এনার্জিস অ্যান্ড পাওয়ার লিমিটেড’ থেকে আগামী ২৩-২৪ সেপ্টেম্বরে পৌঁছানোর কথা থাকা দ্বিতীয় কার্গোটির প্রতি এমএমবিটিইউর দাম পড়বে ২৪.২৫ ডলার।
উল্লেখ্য, গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার উন্মুক্ত দরপত্রের মাধ্যমে নিয়মিত জ্বালানি আমদানি করছে। এর আগে গত ১৯ আগস্ট অনুষ্ঠিত ক্রয় কমিটির সভায় প্রতি এমএমবিটিইউ ২৩.৯৩ ডলার দরে ‘আরামকো ট্রেডিং সিঙ্গাপুর পিটিই লিমিটেড’ থেকে এক কার্গো এলএনজি কেনার প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছিল।


