আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমার সঙ্গে সঙ্গে দেশেও জ্বালানি তেলের মূল্য পুনর্নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থা দ্রুত কেটে যাবে আশা প্রকাশ করে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে দাম কমামাত্রই অভ্যন্তরীণ বাজারেও তা সমন্বয়ের উদ্যোগ নেবে সরকার।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশ মূলত একটি সম্পূর্ণ জ্বালানি তেল আমদানিনির্ভর দেশ। তেল সরবরাহকারী মূল অঞ্চলে বর্তমানে যুদ্ধাবস্থা বিরাজ করায় বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা বাধাগ্রস্ত হচ্ছে, যার প্রভাব পড়েছে সারা বিশ্বের জ্বালানি বাজারে। আন্তর্জাতিক বাজারে মূল্যের আকস্মিক ঊর্ধ্বগতির পাশাপাশি পরিবহন ঝুঁকি, বীমা প্রিমিয়াম ও সার্বিক আমদানি ব্যয় বহুগুণ বেড়ে গেছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর অতিরিক্ত চাপ সামলে দীর্ঘদিন আগের মূল্যে তেল সরবরাহ বহাল রাখা সরকারের পক্ষে কঠিন হয়ে উঠেছিল।

তিনি আরও উল্লেখ করেন, বৈশ্বিক এই মন্দা সত্ত্বেও সরকার প্রথম ছয় মাস নিজস্ব তহবিলের ওপর নির্ভর করে অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখার সর্বোচ্চ চেষ্টা চালিয়েছে। তবে তেলের কোনো বিকল্প ব্যবস্থা না থাকায় এবং দেশের অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করতে শেষ পর্যন্ত কিছুটা অপ্রিয় সিদ্ধান্ত নিতে হয়েছে। সরকারের আশাবাদ, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতি খুব দ্রুত স্বাভাবিক হয়ে আসবে। আন্তর্জাতিক বাজারে আমদানি খরচ কমার সঙ্গে সঙ্গেই দেশের বাজারে সমন্বয় করে সাধারণ মানুষকে স্বস্তি দেওয়া হবে।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক শিল্পী রানী রায়, মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিলটন এবং জেলা পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়।