https://asia24.tv


প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। ছবি: -সংগৃহীত
সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং যেকোনো সময় এর আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।
রবিবার (১৬ আগস্ট ২০২৬) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, সচিব কমিটি পে-স্কেলের খসড়া নীতিগতভাবে চূড়ান্ত করে রেখেছে, যা শিগগিরই মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। দীর্ঘ ১১ বছর নতুন বেতন কাঠামো না থাকায় দেশের প্রায় ১৮ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী যে মূল্যস্ফীতির চাপে রয়েছেন, তা স্বীকার করে তিনি বলেন, জীবনযাত্রার মান সমন্বয়ের স্বার্থেই এটি বাস্তবায়ন জরুরি।
মুখ্য সচিব জানান, সরকারের প্রধান চ্যালেঞ্জ এখন অর্থনীতি, কর্মসংস্থান ও উৎপাদনশীলতা বৃদ্ধি। পাশাপাশি মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং বিগত সরকারের অদূরদর্শিতার কারণে তৈরি হওয়া বিদ্যুৎ ও গ্যাস সংকট কাটাদে রাশিয়া, চীন, ইন্দোনেশিয়া ও ফিলিপাইন থেকে বহুমুখী জ্বালানি সরবরাহের চেষ্টা চলছে।
প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, পে-স্কেলটি দুই ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। প্রথম ধাপে কেবল মূল বেতন এবং দ্বিতীয় ধাপে ভাতা ও অন্যান্য সুবিধা বৃদ্ধি করা হবে। চলতি বছরের জুলাই থেকে আংশিক এবং ২০২৮ সালের জানুয়ারির মধ্যে পে-স্কেলের পূর্ণ বাস্তবায়ন শেষ করার লক্ষ্য ধরা হয়েছে। তবে কত ধাপে তা কার্যকর হবে, সেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা।


