চট্টগ্রাম-নাজিরহাট রুটে নতুন করে দুই জোড়া কমিউটার ট্রেন চালু হয়েছে। এগুলোর নাম রাখা হয়েছে নাজিরহাট কমিউটার-১, ২, ৩ ও ৪।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে নতুন এ ট্রেন চলাচলের উদ্বোধন করেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

রেলওয়ে সূত্র জানায়, প্রতিটি ট্রেনে থাকছে সাতটি করে কোচ। এর মধ্যে পাঁচটি শোভন শ্রেণির কোচ, একটি পাওয়ার কার এবং একটি সিটিং কাম লাগেজ (এসএলআর) কোচ। পাঁচটি শোভন শ্রেণির কোচে ৬০টি করে মোট ৩০০টি আসন রয়েছে। এছাড়া এসএলআর কোচে আছে ৩৪টি আসন। সব মিলিয়ে প্রতিটি ট্রেনে আসনসংখ্যা ৩৩৪টি।

নতুন সময়সূচি অনুযায়ী, ২২২ নম্বর ট্রেনটি নাজিরহাট থেকে সকাল ৬টায় ছেড়ে চট্টগ্রাম পৌঁছাবে সকাল ৭টা ৩৫ মিনিটে। ২২১ নম্বর ট্রেন চট্টগ্রাম থেকে সকাল সাড়ে ৮টায় ছেড়ে নাজিরহাট পৌঁছাবে সকাল ১০টা ১০ মিনিটে।

এছাড়া ২২৪ নম্বর ট্রেন নাজিরহাট থেকে সকাল ১০টা ৪০ মিনিটে ছেড়ে চট্টগ্রাম পৌঁছাবে দুপুর ১২টা ১০ মিনিটে। ২২৩ নম্বর ট্রেন চট্টগ্রাম থেকে বিকেল ৫টা ৪৫ মিনিটে ছেড়ে নাজিরহাট পৌঁছাবে সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে।

এদিকে এ রুটে ট্রেনের ভাড়া ১২ টাকা থেকে বাড়িয়ে ২০ টাকা নির্ধারণ করা হয়েছে। রেলওয়ে কর্মকর্তারা মনে করছেন, নতুন ট্রেন চালুর ফলে যাত্রীসেবার পাশাপাশি আয়ও বাড়বে।

তবে রেলপথ সম্প্রসারণের দাবি জানিয়েছেন স্থানীয় যাত্রীরা। তাদের দাবি, নাজিরহাট থেকে ফটিকছড়ির ভূজপুর, নারায়ণহাট, দাঁতমারা, হেঁয়াকো ও বাগানবাজার হয়ে সীমান্তবর্তী রামগড় পর্যন্ত রেলপথ সম্প্রসারণ করা হোক। এতে বৃহত্তর ফটিকছড়ির মানুষের যাতায়াত আরও সহজ হবে।