স্যুটকেসের ভেতর জ্যান্ত সাপ পাওয়ায় যুক্তরাষ্ট্রের একটি বিমানবন্দরে স্ক্রিনিং বা নিরাপত্তা তল্লাশি সাময়িকভাব বন্ধ রাখতে হয়েছে। সম্প্রতি দক্ষিণ ক্যালিফোর্নিয়ার অন্টারিও আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটেছে এই ঘটনা।
‘পিপল’ ম্যাগাজিনের খবর অনুসারে, এক যাত্রীর চেক-ইন করা স্যুটকেসের ভেতর দুটি জ্যান্ত সাপ পাওয়া যায়। এর মধ্যে একটি ছিল র্যাটলস্নেক (বিষধর সাপ)।
নিরাপত্তা তল্লাশির সময় কর্মকর্তারা প্রথমে একটি সবুজ বালিশের কভারের ভেতর দড়ির মতো কিছু একটা দেখতে পান, কিন্তু কিছুক্ষণ পরেই বুঝতে পারেন যে সেটি নড়াচড়া করছে।
১৩ নভেম্বর প্রকাশিত টিএসএ (TSA – Transportation Security Administration)-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাপ পাওয়ার পর বিমানবন্দরের নিরাপত্তা তল্লাশি কার্যক্রম কিছুক্ষণের জন্য স্থগিত রাখা হয়, যাতে সবার নিরাপত্তা নিশ্চিত করা যায়।
লাগেজ তল্লাশির সময় টিএসএ কর্মকর্তা বেঞ্জামিন আন্দ্রেড-কারিলো সবুজ রঙের বালিশের কভারটি দেখতে পান। ভেতরে থাকা বস্তুটি যে জীবন্ত, তা বুঝতে পেরে তিনি দ্রুত তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানান।
তত্ত্বাবধায়ক টিএসএ কর্মকর্তা সুগি ফ্লোরেস বিষয়টি খতিয়ে দেখতে এগিয়ে আসেন। তিনি বালিশের কভারের ভেতর সাপগুলোর নড়াচড়া অনুভব করেন। তিনি জানান, এমন অস্বাভাবিক কিছু দেখে তিনি ভয় পাওয়ার চেয়ে বরং অবাক হয়েছিলেন বেশি।
এরপর ফ্লোরেস বিমানবন্দরের পুলিশ, সংশ্লিষ্ট এয়ারলাইন কর্তৃপক্ষ এবং অন্টারিও টিএসএ ম্যানেজার ফ্রান্সিসকো ক্যালডেরনকে বিষয়টি অবহিত করেন।
ক্যালডেরন স্যুটকেস পরীক্ষা করে নিশ্চিত হন যে, এর ভেতরে দুটি জীবন্ত সাপ রয়েছে। সেগুলো কী ধরনের সাপ এবং কতটা বিপজ্জনক, তা নিশ্চিত না হওয়ায় টিএসএ কর্মকর্তারা নিরাপত্তা তল্লাশি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। পরে দেখা যায়, এর একটি ছিল বিষধর সাপ।
ক্যালডেরন জানান, নিরাপত্তার ঝুঁকির কারণে টিএসএ কর্মকর্তাদের সরাসরি জীবন্ত সাপ ধরা উচিত নয়। তিনি আরও বলেন, তাদের মূল লক্ষ্য ছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো এবং নিরাপদ কোনো সমাধানের ব্যবস্থা করার পাশাপাশি নিজেদের ও সেখানে উপস্থিত সবার নিরাপত্তা নিশ্চিত করা।
পরে বিমানবন্দরের পুলিশ স্যুটকেসটি এয়ারলাইনের টিকিট কাউন্টার এলাকায় নিয়ে যায় এবং এর মালিককে খুঁজে বের করে।
জিজ্ঞাসাবাদে ওই যাত্রী জানান, সাপগুলো তার পোষা এবং এর আগেও তিনি অন্য এয়ারলাইনে ভ্রমণের সময় এগুলো সঙ্গে নিয়েছিলেন।
এরপর তিনি স্যুটকেস থেকে সাপ দুটি বের করে তার পরিবারের এক সদস্যের কাছে রেখে যান।
সাপগুলো সরিয়ে ফেলার পর টিএসএ কর্মকর্তারা স্যুটকেসটি ফের তল্লাশি করে সেটিকে প্লেনে নেওয়ার অনুমতি দেন। ওই যাত্রীও কোনো বাধা ছাড়াই তার যাত্রা অব্যাহত রাখার সুযোগ পান।
সূত্র: এনডিটিভি





মন্তব্য করুন