https://asia24.tv


ছবি: -সংগৃহীত
সৌদি আরবের রাজধানী রিয়াদের খোরদাম শহরে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৭ জন বাংলাদেশী প্রবাসীর প্রাণ হারানোর খবর জানা গেছে। রবিবার (৯ আগস্ট ২০২৬) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
সোমবার (১০ আগস্ট) ভোরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে অগ্নিকাণ্ডে হতাহতের এ ঘটনা নিশ্চিত করে জানায়, নিহতদের সিংহভাগই নওগাঁ, নাটোর ও রাজশাহী জেলার বাসিন্দা। এর মধ্যে নওগাঁর আত্রাই উপজেলারই রয়েছেন ১০ জন এবং নাটোরের নলডাঙ্গা উপজেলার ৩ জন তরুণ। নিহতদের আনুমানিক বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে।
অগ্নিকাণ্ডের এ হৃদয়বিদারক ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি জানান, রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। নিহত স্বদেশীদের মরদেহ অতি দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য প্রয়োজনীয় সব সরকারি সহায়তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।
নওগাঁ জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত স্বজনদের সঙ্গে যোগাযোগ রেখে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। প্রাথমিকভাবে ওয়েল্ডিংয়ের ফিনকি বা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে কারখানার ফোম ও তুলা থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল বলে ধারণা করা হচ্ছে। রেমিট্যান্সযোদ্ধাদের এমন অকাল মৃত্যুতে নিহতদের নিজ গ্রামে এখন শোকের মাতম চলছে।


