https://asia24.tv


কাজী সালাহউদ্দিন। ছবি: -ফাইল ছবি
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ১৬ বছরের অধ্যায়ের ইতি টানলেও দক্ষিণ এশিয়ার ফুটবলে নিজের শীর্ষ অবস্থান ধরে রাখলেন কাজী সালাহউদ্দিন। ভুটানের থিম্পুতে আয়োজিত দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশনের (সাফ) কংগ্রেসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি।
২০০৯ সাল থেকে টানা ১৭ বছর ধরে সাফের শীর্ষ পদটি সামলে আসছেন সালাহউদ্দিন। সম্প্রতি সাফের গঠনতন্ত্র সংশোধন করে বয়সসীমা (৭০ বছর) এবং সর্বোচ্চ দুই মেয়াদের বাধ্যবাধকতা তুলে নেওয়া হলে তাঁর পুনঃনির্বাচনের পথ সুগম হয়। দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর বাফুফের বর্তমান কমিটি তাঁকে সমর্থন না দিলেও তিনি নেপাল ও ভুটান ফুটবল ফেডারেশনের প্রস্তাব ও সমর্থনে প্রার্থিতা নিশ্চিত করেন। একক প্রার্থী হওয়ায় তাঁর জয় আগে থেকেই নিশ্চিত ছিল; আজ কেবল আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো। এছাড়া এই কংগ্রেসেই বাফুফের বর্তমান সহসভাপতি সাব্বির আহমেদ আরেফকে সাফের নতুন নির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
পুনর্নির্বাচিত হয়ে থিম্পু থেকে ফোনে কাজী সালাহউদ্দিন বলেন, “অন্যদের আমার ওপর আস্থা ছিল বলেই আর কোনো মনোনয়নপত্র জমা পড়েনি। আবারও নির্বাচিত হতে পেরে দারুণ লাগছে। সাফের কার্যক্রমের গতি বজায় রেখে একে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়াই আমার মূল লক্ষ্য।”
এদিকে আজ বিকেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাফের ড্র। ফিফার নিষেধাজ্ঞার কারণে আপাতত ড্রর বাইরে রাখা হচ্ছে নেপালকে। কংগ্রেসে তাদের আগামী সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। এর মধ্যে নিষেধাজ্ঞা উঠে গেলে তারা টুর্নামেন্টে অংশ নেওয়ার সুযোগ পাবে এবং সে ক্ষেত্রে নিয়মানুযায়ী স্বাগতিক বাংলাদেশের গ্রুপে যুক্ত হবে নেপাল।
সালাহউদ্দিন আশাবাদ ব্যক্ত করেছেন যে, নেপাল দ্রুত নিষেধাজ্ঞা থেকে মুক্ত হয়ে আগামী নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিতব্য সাফ টুর্নামেন্টে অংশ নিতে পারবে।


