আচারের বয়ামে লুকিয়ে ভারতের কলকাতা থেকে আনা ডায়মন্ড, স্বর্ণ, প্লাটিনাম, রুবিসহ বিভিন্ন ধরনের পাথর ও অলংকার জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটের যাত্রীর ব্যাগ তল্লাশি করে এসব পণ্য উদ্ধার করা হয়। জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৭০ লাখ টাকা।
রোববার (১১ অক্টোবর) ঢাকা কাস্টমস হাউসের এক প্রেস বিবৃতিতে বলা হয় গত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কলকাতা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৯৬ ফ্লাইটে স্বর্ণ চোরাচালানের গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের বিভিন্ন স্থানে নজরদারি চালায় কাস্টমস হাউসের প্রতিরোধমূলক দল ও দায়িত্বে থাকা কর্মকর্তারা।
নজরদারির একপর্যায়ে যাত্রী এমডি জনি রহমান ইমিগ্রেশন শেষ করে ব্যাগেজ ঘোষণা ছাড়াই গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তার ব্যাগ স্ক্যান করা হয়। এ সময় আচারের বয়ামের মধ্যে ধাতব পদার্থের উপস্থিতি শনাক্ত হয়। পরে ব্যাগেজ পরীক্ষা করে বিভিন্ন ধরনের মূল্যবান অলংকার ও পাথর উদ্ধার করা হয়।
জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ডায়মন্ড পাথর সংযুক্ত ৩৮৯টি স্বর্ণের আংটি, যার ওজন ৪৭৮ গ্রাম। এ ছাড়া ১৫১টি প্লাটিনামের আংটি, তিনটি সাদা স্বর্ণের অলংকার, দুটি রুপার আংটি, পাঁচটি স্বর্ণের লকেট, একটি স্বর্ণের চেইন এবং ৪৭২টি স্বর্ণের নাকফুল পাওয়া যায়। এছাড়া ৪৫ ক্যারেটের বিভিন্ন আকারের ডায়মন্ড পাথর, পোখরাজ, রুবি ও অন্যান্য পাথর মিলিয়ে ৭২০টি পাথর এবং ২৩টি জুয়েলারি সার্টিফিকেট কার্ড জব্দ করা হয়েছে।
কাস্টমস জানায়, উদ্ধার করা পণ্যের মোট ওজন ১ হাজার ৫৪ গ্রাম। অলংকারের প্রত্যয়ন অনুযায়ী এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৭০ লাখ টাকা।
এ ঘটনায় যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হয়েছে।





মন্তব্য করুন