দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের সমো এলাকায় একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়জন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত অন্য একজনকে কুইন্সটাউন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) রাত আনুমানিক ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সবাই নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা উপজেলার কুতুবপুর ইউনিয়নের কুরুগেশ্বর এলাকার বাসিন্দা। তাৎক্ষণিকভাবে নিহত চারজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে; তারা হলেন—মো. ফয়সাল (২৫), মো. ফাহিম (২৮), শামীম হাসান (৩০) এবং মোহাম্মদ আপন (২৪)। বাকি দুইজনের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

ঘটনার সময় দোকানের পেছনের আবাসিক কক্ষে ওই সাতজন প্রবািস ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে তারা বের হতে পারেননি এবং ঘটনাস্থলেই ছয়জনের মর্মান্তিক মৃত্যু হয়।

অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার তদন্ত শুরু করেছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় দক্ষিণ আফ্রিকায় অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন প্রাক প্রবাসী সংগঠন নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। এর আগেও দেশটিতে অগ্নিকাণ্ডে একাধিক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছিল।