অবৈধভাবে সার পাচারের সময় বিসিআইসি ডিলারসহ ২ জনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর মেলার মোড় এলাকায় এ ঘটানা ঘটে।
সোমবার (২ নভেম্বর) রাত ২টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার মহারাজপুর মেলার মোড় এলাকায় সার পাচারের জন্য পরিবহনের সময় মেসার্স নিরাপদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ও বিসিআইসি ডিলার মো. গোলাম শাহনেওয়াজ (৪৫) এবং নসিমনচালক মো. মতিনকে (৪৮) হাতেনাতে আটক করা হয়।
পরে সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুনাইন বিন জামানের প্রসিকিউশনের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। শুনানিতে আসামিরা স্বেচ্ছায় দোষ স্বীকার করেন। এর পরিপ্রেক্ষিতে আদালত গোলাম শাহনেওয়াজকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। নসিমনচালক মো. মতিনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অভিযানকালে জব্দ করা ৮০ বস্তা ডিএপি সার সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়। বাজেয়াপ্ত সার সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য উপসহকারী কৃষি কর্মকর্তা মো. পারভেজ আলীর জিম্মায় দেওয়া হয়েছে।
এ ছাড়া অপরাধে জড়িত থাকার কারণে গোলাম শাহনেওয়াজের বিসিআইসি ডিলারশিপ বাতিলের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট উপজেলা কৃষি কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার ইকরামুল হক নাহিদ বলেন, অবৈধভাবে সার পাচারের অপরাধে ২ জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। কৃষকদের স্বার্থ রক্ষা এবং সারের অবৈধ পাচার রোধে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





মন্তব্য করুন