https://asia24.tv


জাতীয় পরিচয়পত্র। ছবি: -ফাইল ছবি
ছবি ছাড়া কেবল বায়োমেট্রিক ফিচার ব্যবহার করে নারীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরির সুযোগ চেয়ে দায়ের করা রিট আবেদন এবং এ সংক্রান্ত আগে জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এস এম সাইফুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই চূড়ান্ত রায় দেন। এই রায়ের ফলে দেশে প্রচলিত আইন অনুযায়ী ছবি তুলেই জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করতে হবে।
মামলার বিবরণে জানা যায়, ইসলামী শরিয়ত অনুযায়ী পর্দা বজায় রাখতে এনআইডিতে ছবি তোলার বাধ্যবাধকতা চ্যালেঞ্জ করে ২০২২ সালে রাজধানীর শাহজাহানপুরের বাসিন্দা সুমাইয়া আহমাদ মুনা এই রিট আবেদনটি করেন। রিটে তিনি দাবি করেন, পর্দাশীল নারীদের ক্ষেত্রে ছবি তোলার বাধ্যবাধকতা শিথিল করে ছবি ছাড়াই এনআইডি দেওয়ার নির্দেশনা প্রদান করা হোক।
তবে শুনানিতে নির্বাচন কমিশনের (ইসি) আইনজীবী আদালতকে স্পষ্টভাবে জানান, বিদ্যমান আইনি কাঠামোয় ছবি ছাড়া এনআইডি ইস্যু করার কোনো সুযোগ বা বিধান নেই। উভয় পক্ষের যুক্তি শুনানি শেষে আদালত রিটটি খারিজ করে দেন।


