https://asia24.tv


ছবি: -প্রতিনিধি
গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসায় একটি বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন মারাত্মকভাবে আহত হয়েছেন। ধ্বংসস্তূপ সরালে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় প্রশাসনিক কর্মকর্তারা।
শুক্রবার রাতে রাজধানীর লিংওয়ালা এলাকার একটি বহুতল ভবনে বিয়ের আনন্দ অনুষ্ঠান চলাকালে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়লে উপস্থিত অতিথিদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনের করিডোর অত্যন্ত সরু এবং বের হওয়ার পথ সীমিত হওয়ায় অনেকেই সময়মতো বেরিয়ে আসতে না পেরে ভেতরে আটকা পড়েন।
লিংওয়ালা এলাকার মেয়র নরবার্ট মুশিঙ্গা জানান, এখন পর্যন্ত ২২ জনের প্রাণহানির খবর নিশ্চিত হওয়া গেছে। তবে উদ্ধার অভিযান ও শনাক্তকরণ প্রক্রিয়া চলমান থাকায় চূড়ান্ত হতাহতের সংখ্যা পরে জানানো হবে। আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুনের সুনির্দিষ্ট কারণ এখনো স্পষ্ট নয়; ঘটনাটির তদন্তে নেমেছে ফায়ার সার্ভিস ও পুলিশের যৌথ দল।
দুর্ঘটনার খবর পেয়ে কঙ্গোর উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী জ্যাকম্যাঁ শাবানি দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি গভীর শোক প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং ক্ষতিগ্রস্তদের সার্বিক সহায়তার প্রতিশ্রুতি দেন।
কঙ্গোর স্থানীয় গণমাধ্যমের সূত্রে জানা গেছে, মর্মান্তিক এই দুর্ঘটনায় কঙ্গোর জাতীয় রেডিও ও টেলিভিশনের খ্যাতিমান চিত্রগ্রাহক গাই কিতোকো আলোমাও প্রাণ হারিয়েছেন। আনন্দমুখর বিয়ের আসরে এমন মর্মান্তিক ট্র্যাজেডিতে পুরো কিনশাসা শহরে এখন শোকের মাতম চলছে।


